অলস্পোর্ট ডেস্ক: সকলের নিশ্চয়ই স্মরণে আছে, অস্ট্রেলিয়ার মাটিতে এএফসি মহিলা এশিয়ান কাপে অংশ নিতে আসা ইরান মহিলা ফুটবল দলের ৭ সদস্য নিজের দেশে ফেরা নিয়ে ভীত ছিলেন। এশিয়ান কাপের প্রথম ম্যাচে ইরানের ওই ফুটবলাররা জাতীয় সঙ্গীত না গাওয়ায়, তাঁদের টিভি চ্যানেলের মাধ্যমে ভয়ঙ্কর শাস্তির হুমকি দেওয়া হয়েছিল। এমন ইঙ্গিত ছিল, দেশের সঙ্গে বেইমানি করার জন্য প্রাণসংশয় পর্যন্ত হতে পারে। এমন হুমকি পাওয়ার পর ফুটবলারদের অনেকেই ভয় পেয়ে যান। তার মধ্যে ৬জন ফুটবলার ও একজন সাপোর্ট স্টাফ অস্ট্রেলিয়া সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। অস্ট্রেলিয়া সরকার তাঁদের পাশে দাঁড়ায়। এবং হিউম্যানিটেরিয়ান অর্থাৎ মানবিক ভিসা মঞ্জুর করে তাঁদের রাজৈতিক আশ্রয় দিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়। কিন্তু তারপরই বিভিন্ন মহল থেকে খবর ভেসে আসে, চাপের খেলা শুরু হয়েছে ওই ফুটবলারদের সঙ্গে ইরানের তরফে অস্ট্রেলিয়ার আশ্রয় ছেড়ে দেশে ফেরার জন্য। এমনকি এও বলা হয়, না ফিরলে তাঁদের পরিবার যেমন বিপদে পড়বে, তেমন তাঁদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হবে। সেটা কার্যকর করাও হয়েছিল।
সেই চাপের মুখে পড়ে মত বদলে ইরান মহিলা ফুটবল অধিনায়ক ঘানবারি সহ ৪ ফুটবলার ও একজন সাপোর্ট স্টাফ অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে ইরানে ফিরতে বাধ্য হন। কিন্তু নতিস্বীকর করেননি ইরান মহিলা দলের দুই ফুটবলার ফতেমা পাসানদিদে ও আতেফে রামেজানিশাদে। বরং তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া সরকারের ভূমিকার, বিপদের সময় রাজনৈতিক আশ্রয় দিয়ে প্রাণ বাঁচানোর জন্য। বলেছেন, অস্ট্রেলিয়া তাঁদের ‘নিরাপদ স্বর্গে’ বাস করার ও নতুন করে জীবন শুরু করার সুযোগ দিয়েছে। তাঁরা অস্ট্রেলিয়াতে থেকেই খেলাধুলো চালিয়ে যেতে চান।
রাজৈতিক আশ্রয় নেওয়ার পর প্রথমবার প্রকাশ্যে এসে বক্তব্য রেখেছেন ইরান মহিলা দলের ওই দুই ফুটবলার। বলেছেন, ‘ আমরা অকুন্ঠ ধন্যবাদ জানাই অস্ট্রেলিয়া সরকার, বিশেষ করে অস্ট্রেলিয়ার গৃহমন্ত্রী টনি ব্রুককে, মানবিক নিরাপত্তা দিয়ে এমন একটা স্বর্গীয় দেশে নিরাপদে জীবনযাপনের সুযোগ দেওয়ায়।’
ইরানের দুই মহিলা ফুটবলার পাসানদিদে ও রামেজানিশাদে ইতিমধ্যেই এ লিগের দল ব্রিসবেন রোয়ার্সের হয়ে ট্রেণিং শুরু করেছেন। তাঁদের প্রতিক্রিয়া, ‘ এইমুহূর্তে আমাদের লক্ষ্য হল নিজেদের নিরাপত্তার দিকটা সুনিশ্চিত কার। একইসঙ্গে শারীরিক ও মানসিকতায় জোর বাড়ানো। একিসঙ্গে নতুন দেশে জীবনটাকে সুন্দর করে সাজিয়ে তোলা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
