Cart Total Items (0)

Cart

All Sports
Víctor Vázquez

অলস্পোর্ট ডেস্ক: এদিন মূল দলের অনুশীলনে ছুটি দিয়েছিলেন ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত। তা বলে নিজে কোনও ছুটি নেননি তিনি। বাকি দল নিয়ে নেমে পড়েছিলেন অনুশীলনে। আর সেই দলের সঙ্গে যোগ দেন সদ্য কলকাতা আসা স্প্যানিশ মিড ফিল্ডার ভিক্টর ভাজকুয়েজ। রবিবার গভীর রাতেই শহরে পৌঁছেছিলেন তিনি। মঙ্গলবারই তাঁকে নিয়ে নেমে পড়লেন অনুশীলনে। সামনে টানা ম্যাচ রয়েছে আইএসএল-এর। তার আগেই দু’জন বিদেশি দল ছেড়েছেন। চার জন বিদেশিকে নিয়েই আইএসএল-এর ডার্বি খেলেছেন কুয়াদ্রাত। পুরো শক্তির দল থাকলে হয়তো ফল অন্যরকম হতেই পারত। তবে যত তাড়াতাড়ি সম্ভব ভিক্টরকে মূল দলে নিয়ে আসতে চান কোচ।

বোরহা হেরেরার জায়গায় ইস্টবেঙ্গলে এসেছেন তিনি। বোরহা ইস্টবেঙ্গল ছেড়ে চলে গিয়েছেন এফসি গোয়ায়। তাঁকে জোড় করে আটকে রাখতে চা‌‌ননি কোচ। তা তিনি নিজেই জানিয়েছিলেন। তবে তাঁর পরিবর্ত খুঁজে পেতে বেশি সময় যেমন লাগাননি তিনি, তেমনই তাঁকে শহরে নিয়ে আসতেও কোনও সময় নষ্ট করেননি কোচ। আইএসএল-এর পরের ম্যাচেই তাঁকে রিজার্ভ বেঞ্চে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। পরিবর্ত হিসেবে তাঁকে নামিয়ে দেওয়াই হতে পারে দেখে নেওয়ার জন্য।

ইস্টবেঙ্গলের পরের ম্যাচ নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নর্থইস্টের ঘরের মাঠে। সুপার কাপ জয়ের পরই ইস্টবেঙ্গলকে খেলতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বি মোহনবাগানের বিরুদ্ধে। সেই ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে। টানা ১১ ম্যাচে অপরাজিত লাল-হলুদ ব্রিগেড। এবার আইএসএল-এ জয়ের মুখ দেখতে চাইবে। নর্থ-ইস্টেব বিরুদ্ধে জয়ের কথাই ভাবছেন কোচ। সে কারণে তৈরি করে নিচ্ছেন নবাগত বিদেশির পাশাপাশি দলের রিজার্ভ বেঞ্চকেও।

তিনি বার বারই বলেছেন, তিনি ভারতীয় ফুটবলের নতুন প্রজন্মকে তুলে আনতে বেশি আগ্রহী। ডার্বির পরও তিনি বলেছেন, একঝাঁক নতুন মুখের খেলায় তিনি খুশি। সেই তালিকায় যেমন রয়েছেন পিভি বিষ্ণু, অজয় ছেত্রী তেমনই বঙ্গ সন্তান সায়ন। ঘুরিয়ে ফিরিয়ে সবাইকেই সুযোগ দিয়েছেন তিনি। বড় মঞ্চে তাঁর এই ঝুঁকি নেওয়ার খিদে দলকে আরও শক্তিশালী করেছে। নতুন বিদেশিকে নিয়েও তিনি স্বপ্ন দেখছেন। আরও এক বিদেশিও ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে সিভেরিও টোরোর পরিবর্ত হিসেবে। জার্মান বংশোদ্ভুত কোস্টারিকান ফুটবলার ফেলিসিয়ো ব্রাউন ফোর্বসকেও এই সপ্তাহের মধ্যেই দেখা যেতে পারে শহরে। তবে তাঁর আসা নিয়ে এখনও কোনও নিশ্চিত খবর জানা যায়নি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *