অলস্পোর্ট ডেস্ক: নেইমার ভক্তদের জন্য সুখবর। চোট সারিয়ে মাঠে ফেরা ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সম্ভাব্য প্রাথমিক দলের তালিকায় রেখেছেন জাতীয় দলের চিফ কোচ কার্লেস আনসেলোত্তি। তবে চুড়ান্ত বাছাই করা দলে নেইমারের জায়গা হবে কিনা, তার জন্য ১৭ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ব্রাজিলের জার্সিতে ২০২৬ বিশ্বকাপে নেইমার খেলার সুযোগ পাবেন কিনা, তখনই বোঝা যাবে।
ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লেস আনসেলোত্তি বারবার বলে এসেছেন, নেইমার বা যেই হোন, বিশ্বকাপের দলে জায়গা পেতে হলে, তাঁকে পুরো ফিট প্রমাণ করতে হবে। নইলে তাঁর দলে স্থান নেই। এটা শোনার পর থেকে নেইমার চোট সারিয়ে ফিট হওয়ার লড়াই চালিয়ে গেছেন। তার ফল পাওয়ার সম্ভবনা তৈরি হয়েছে। আনসেলোত্তির পরিকল্পনা ছিল, মিরাসল এফসির বিরুদ্ধে স্যান্টোসের ম্যাচে নেইমারের খেলা দেখা। যাতে বুঝতে পারেন নেইমার কতটা ফিট?
কিন্তু স্যান্টোস কর্তারা এই ম্যাচে নেইমারকে দলে রাখেননি, যাতে তাড়াহুড়ো করে খেলতে নেমে তারকা ফুটবলারের চোট লাগে। ক্লাবের তরফে জানানো হয়েছে, নেইমারের নিয়মমাফিক রিহ্যাব চলবে আপাতত। তাঁর স্যান্টোসের হয়ো খেলার সম্ভাবনা রয়েছে ডার্বিতে স্পোর্টস ক্লাব করিন্থিয়ান্সের বিপক্ষে। আশা করা যায়, নেইমারকে ওই ম্যাচে খেলতে দেখে কোচ আনসেলোত্তি সিদ্ধান্ত নেবেন আদৌ তাঁকে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচের দলে রাখবেন কিনা।
নেইমার স্যান্টোসের জার্সিতে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরেছেন ১৫ ফেব্রুয়ারি। ভেলো ক্লাবের বিরুদ্ধে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন। তারপর খেলেছেন গ্রেমিও, ভাসকোর বিরুদ্ধে। ভাসকো ম্যাচে ২-১ ফলের জয়ে নেইমারের পা থেকে এসেছে ২ গোল।
ব্রাজিল ফুটবল দল তাদের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দুটি খেলবে আমেরিকার মাটিতে। বোস্টনে ২৬ মার্চ ফ্রান্সের বিপক্ষে, ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে অরল্যান্ডোতে ৩১ মার্চ। এই ম্যাচ দুটি বিশ্বকাপের প্রস্ততি হিসেবে নিচ্ছেন কোচ কার্লেস আনসেলোত্তি। দল গোছানো প্রাথমিক কাজটাও সেরে ফেলতে চান। যেহেতু এরপর আর হাতে বেশি সময় থাকবে না, তাই বিশ্বকাপের চুড়ান্ত দলটাও বেছে ফেলবেন এই দুই ম্যাচের শেষে। নেইমার যদি শেষপর্যন্ত এই দুটি প্রীতি ম্যাচের জন্য নির্বাচিত হন দলে ও কোচ আনসেলোত্তিকে সন্তুষ্ট করতে পারেন খেলার সুযোগ পেয়ে, তাহলে বিশ্বকাপের দলে জায়গা পাবেন, নইলে এখানেই নেইমারের ফুটবল জীবনে ইতি পড়ে যেতে পারে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
