সর্বকনিষ্ঠ ফুটবলার ক্যাসি ফেয়ার
অলস্পোর্ট ডেস্ক: বয়স মাত্র ১৬ বছর ২৬ দিন। কিন্তু তাতে কী? বরং তিনি যখন মাঠে নামছিলেন তখন কোনও সিনিয়র প্লেয়ারের থেকে কোথাও আত্মবিশ্বাসের কোনও ঘাটতি ছিল না। কে জানত প্রথম বিশ্বকাপের আসরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে নামছেন তিনি। কিন্তু বিশ্বকাপের আসরে দক্ষিণ কোরিয়ার হয়ে কলোম্বিয়ার বিরুদ্ধে নেমে রেকর্ড গড়ে ফেললেন ক্যাসি ফেয়ার। রেকর্ড করলেন সর্ব কনিষ্ঠ বিশ্বকাপার হিসেবে। শুরু হয়েছে নবম মহিলা ফুটবল বিশ্বকাপ । ২০ জুলাই থেকে শুরু হয়ে ২০ অগস্ট ফাইনাল। এবারের বিশ্বকাপে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে গেলেন ক্যাসি ফেয়ার।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার হয়ে পরিবর্ত ফুটবলার হিসেবে তিনি মাঠে নেমেছিলেন। খেলার ৭৮ মিনিটে মাঠে নামেন ক্যাসি। ক্যাসির জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে। বাবা আমেরিকান হলেও মা ছিলেন কোরিয়ান। প্রাথমিকভাবে যুব পর্যায় তিনি আমেরিকার হয়েই ফুটবল খেলেছেন। কিন্তু পরবর্তী সময়ে চলে যান দক্ষিণ কোরিয়ায়। তার পর থেকে তিনি সে দেশের হয়েই খেলেন।
এর আগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় ছিলেন নাইজেরিয়ার ইফেয়ানি চিয়েজিন। যার বয়স ছিল ১৬ বছর ৩৪ দিন। যিনি ১৯৯৯-এর বিশ্বকাপে খেলেছিলেন। তার সেই রেকর্ড এতদিনে ভাঙলেন ক্যাসি।
কলোম্বিয়ার বিরুদ্ধে দল খেলতে নামার আগে দক্ষিণ কোরিয়ার ইংলিশ কোচ কোলিন বেল জানিয়েছিলেন, তিনি চান এই কিশোরী খেলোয়াড়কে আপাতত রক্ষা করতে। তিনি বলেন, ‘‘ফেয়ার এখন দলের হয়ে খেলছে। আমরা ওকে প্রতিদিন নজরে রাখছি। তাই আমি চাই না এখনই ওকে প্রচারের আলোর সামনে আনতে। যতক্ষণ না সে খেলছে।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
