অলস্পোর্ট ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান ইরানের বদলে ফিফা ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ দিক ইতালিকে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো অবশ্য আগেই বলেছেন, ইরান আমেরিকায় এসে বিশ্বকাপ খেলার প্রস্তুতি নিচ্ছে। এই সব জল্পনা মাঝেই ২০২৬ বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণের নিশ্চয়তার কথা জানাল ইরান। আর এটা হেলাফেলা করা সূত্রের খবর, স্বয়ং ইরান সরকারের মুখপাত্র বলেছেন এটা।
ইরান সরকারের মুখপাত্র ফতেমা মোহেজেরানি দেশের টিভিতে বলেছেন, ‘ ইরানের যুব ও ক্রীড়া মন্ত্রক ঘোষণা করেছে, ইরানের জাতীয় পুরুষ দল আমেরিকার মাঠে গিয়ে ২০২৬ বিশ্বকাপ খেলার জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে। তার জন্য সরকারের পুরো সমর্থন আছে।’
এর আগে ইরান ফুটবল ফেডারেশনের তরফে অবশ্য বলা হয়েছিল, ইজরায়েল ও আমেরিকার যৌথ হানায় দেশের অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানির কারণে আমেরিকার মাঠে অনুষ্ঠেয় গ্রুপ পর্যায়ের নির্ধারিত ৩টি ম্যাচ তারা খেলবে না। ফিফা যদি ওই ম্যাচ মেক্সিকোতে না সরায় তাহলে তারা বিশ্বকাপ বয়কট করবে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবুম ইরানের ম্যাচ আয়োজনে প্রথম আগ্রহী ছিলেন। কিন্তু ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো যখন সাফ জানিয়ে দেন, ইরানের ম্যাচ অন্যত্র সরানোর অনেক সমস্যা আছে, তাই তাদের আমেরিকাতেই খেলতে হবে। আর তিনি নিজে তুরস্কে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার সময় ইরান ফুটবল দলের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। সেখানে ইরান জোরকদমে বিশ্বকাপে খেলার প্রস্তুতি নিচ্ছে। ফুটবলারদের মধ্যে আমেরিকায় খেলতে যাওয়া নিয়ে কোনও ভয় ভীতির মনোভাব দেখেননি। তখন শিনবুমও মত পাল্টান। জানিয়ে দেন, তাঁরা ফিফার সঙ্গে একমত। ইরানের ম্যাচ আয়োজনের দায়িত্ব নেবেন না।
যদিও যুদ্ধের কারণে ইরানের ফুটবল লিগ থেকে সব ধরনের খেলাধুলো আপাতত স্তব্ধ হয়ে রয়েছে, তবে দলের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তেহরানে ইরান ফুটবল দলের প্র্যাকটিসের ছবি পোস্ট করা হয়েছে সম্প্রতি। তারওপর মোহাজেরানির মন্তব্যে ইরানের বিশ্বকাপের অংশগ্রহণকে জোরালো করেছেন। তিনি বলেছেন, ইরান দলের তাঁদের প্রিয় ফুটবলারদের বিশ্বকাপে গর্বের অংশগ্রহণের স্বার্থে ফিফার সঙ্গে কথা বলে সবরকমের প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইরান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মেহদি তাজও বলেছেন, সরকারের সমর্থন ও সম্মতি যেখানে আছে, সেখানে আমার বিশ্বাস ২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সংশয় নেই।
যেটুকু খবর মিলেছে, তাতে জানা গেছে, ৩০ জন ফুটবলার নিয়ে তেহরানে প্রস্তুতি চালাচ্ছে ইরান। ৬ মে থেকে তুরস্কে গিয়ে চুড়ান্ত প্রস্তুতির পাশাপাশি ৪টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা নিয়েছে ইরান। বিশ্বকাপে অংশ নিতে ইরান ফুটবল দলের অ্যারিজোনার টাসকোনেতে প্রশিক্ষণ শিবিরে ১০ জুন পৌঁছানোর কথা। বিশ্বকাপের গ্রুপ পর্বে ইঙ্গলউডের লস এঞ্জেলস র্যামস স্টেডিয়ামে দুটি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে, সিয়াটেলে মিশরের বিরুদ্ধে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
