Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ কথাবার্তা চলছিলই বেশ কিছুদিন ধরে। মৌখিকভাবে পাকাও হয়ে গেছে বিষয়টি। ফিফা ২০২৬ বিশ্বকাপ শেষ হলেই চিফ কোচের পদ থেকে সরে দাঁড়াবেন ফ্রান্সের অন্যতম সফল কোচ দিদিয়ের দেশঁ। তাঁর জায়গায় ফান্স জাতীয় ফুটবল দলের কোচ হবেন জিনেদিন জিদান। এবার সেই দায়িত্ব নেওয়ার কাজটাই শুধু বাকি। লিখিত চুক্তি হলেই বিশ্বকাপ শেষে জিদান জাতীয় দলের কোচের ভূমিকায় কাজ শুরু করে দেবেন। রিয়েল মাদ্রিদের ম্যানেজার ও ফরাসি ফুটবল ফেডারেশনের মধ্যে এমনই কথা হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন।

১৪ বছর ধরে ফ্রান্স জাতীয় ফুটবল দলের দায়িত্বে রয়েছেন দিদিয়ের দেশঁ। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সে বিশ্ব চ্যাম্পিয়ন করার পাশাপাশি ২০২১ উয়েফা নেশনস লিগ খেতাব জয়ের কৃতিত্ব রয়েছে দেশঁর। এছাড়া ২০১৬ ইওরো কাপে ও ২০২২ কাতার বিশ্বকাপে রানার্স হয় ফ্রান্স তাঁর কোচিংয়ে। ১৯৯৮ সালে ফ্রান্সের মাটিতে জিদানের সঙ্গে খেলা বিশ্বকাপ জেতার নজির রয়েছে তাঁর। খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব বিশ্বে খুব কম ফুটবলারের আছে।

ফিফা ২০২৬ বিশ্বকাপেও ফ্রান্স দলের কোচের ভূমিকায় আছেন দেশঁ। ফ্রান্সের গ্রুপে আছে সেনেগাল, নরওয়ে ও প্লেঅফ থেকে যোগ্যতার্জনকারী একটি দল। ১৭ জুন প্রথম ম্যাচে প্রতিপক্ষ সেনেগাল।

বিশেষ সূত্রে জানা গেছে, ২০২১ সালে রিয়েল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর থেকে ৫৩ বছর বয়সী জিদান ফরাসি ফুটবল ফেডারেশনের কর্তাদের সঙ্গে কথা চালিয়ে গেছেন ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করে। তাঁর সেই ইচ্ছা এবার বাস্তব রূপ পেতে চলেছে ২০২৬ বিশ্বকাপ শেষে। ফরাসি ফুটবল ফেডারেশনের সঙ্গে লিখিত চুক্তি হওয়াটাই বাকি। তখনই জিদান তাঁর সাপোর্ট স্টাফদের নিজে বেছে নেবেন। সম্প্রতি এক সাক্ষাতকারে ফরাসি ফুটবল ফেডারেশনের প্রধান কর্তা বলেছেন, বিশ্বকাপের পর দেশঁ দায়িত্বে থাকছেন না। তাঁর জায়গায় কে কোচ হবেন, সেটাও আমি জানি। তবে সেটা আমি এখন বলব না, সকলে সময়ে জানতে পারবে।’‌ নাম না করলেও, তিনি যে জিদান, সেটা বুঝতে কারও বাকি নেই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *