লিওনেল মেসি
অলস্পোর্ট ডেস্ক: আলজিরিয়ার বিরুদ্ধে কানসাস সিটিতে ১৭ জুন ভারতীয় সময় সকাল সাড়ে ৬টায় খেলা দিয়ে ফিফা ২০২৬ বিশ্বকাপের অভিযান শুরু করবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অবশ্যই ২০২২ কাতার বিশ্বকাপে জেতা খেতাবটা এবারও ধরে রাখতে। তবে এনিয়ে কোনও চাপে নেই আর্জেন্টনা ফুটবল শিবির। থাকবেই না কেন, কোচ লিওনেল স্কালোনি ইতিমধ্যেই বিশ্বকাপ জিতে ফেলায়, তাঁর আর নতুন করে প্রমাণ করার কিছু নেই। আরও একবার তাঁর কোচিংয়ে বিশ্বজয়ের মুকুট আর্জেন্টিনার মাথায় উঠলে ভাল, না উঠলেও কেউ হাহুতাশ করবে না, বা তাঁর গায়ে ব্যর্থ কোচের তকমা লাগিয়ে দেবে না। সবচেয়ে বড় কথা, যাঁর ওপর বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় চাপ ছিল, সেই লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে নামবেন সম্পূর্ণ ফুরফুরে মেজাজে। মেসির বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নপূরণ কাতার বিশ্বকাপে হয়ে যাওয়ায়, তিনি ২০২৬ বিশ্বকাপ খেলতে নামবেন উপভোগ করতে। এটাই তো স্কালোনির জন্য বাড়তি প্রাপ্তি।
আর এটা বুঝেই আর্জেন্টিনা কোচ স্কালোনির সাফ বক্তব্য, ‘কানসাস সিটিতে আলজিরিয়ার মুখোমুখি হওয়ার আগে ফুটবলাররা শান্ত, একইসঙ্গে ফোকাসড আছে। ধীর স্থির , কারণ এটা শুধুমাত্র ফুটবল খেলা। জীবন মরণ সমস্যা নয়। গত বিশ্বকাপের অভিজ্ঞতা আমাদের রয়েছে। প্রথম ম্যাচটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ওটাই সব নয়। কারণ প্রথম ম্যাচেই আমাদের বিশ্বকাপ জেতার লক্ষ্যপূরণ বা শেষ হয়ে যাবে না। আমাদের ফুটবলাররা নিজেদের উত্তেজনা ও আবেগ নিয়ন্ত্রণে রেখেই খেলবে। আমরা একটা ভাল প্রতিপক্ষের মোকাবিলা করব। তার জন্য আমরা তৈরি আছি।’ কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে হারার পরও আর্জেন্টিনা শেষপর্যন্ত বিশ্বকাপ জিতেছিল।
কোচ স্কালোনির আত্মবিশ্বাস বৃদ্ধির বড় কারণ চোট সারিয়ে সময়মতো লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের আলজিরিয়া ম্যাচের আগে সম্পূর্ণ ফিট হয়ে যাওয়া। মেসির হাল্কা হ্যামস্ট্রিং চোট ছিল। গোলকিপার এমিলিয়ানোর আঙুলে চিড় ধরেছিল। আলভারেজের গোড়ালিতে চোট লেগেছিল। এই তিনজনকেই আলজিরিয়া ম্যাচে পাওয়া যাবে বলে জানিয়েছেন স্কালোনি।
মেসি কি আলজিরিয়া ম্যাচে শুরু থেকে খেলবেন? স্কালোনির জবাব,‘ মেসিকে মাঠে খেলতে দেখতে চায় সকলে। মেসি সকলকে মুগ্ধ করেছে, শুধু আর্জেন্টিনার মানুষদের নয়। আমার ওকে নিয়ে কোনও আলাদা ভাবনা নেই। আমি নেতিবাচক মনোভাবে বিশ্বাসী নই। মেসি ভিন্ন পরিবেশে দীর্ঘসময় ধরে রয়েছে। আমাদের দলের প্রধান অস্ত্র ও ভরসা। আর এখন তো আরও ধারালো।’
গোলকিপার এমিলিয়ানোকে নিয়ে স্কালোনির বক্তব্য, ‘ ও ঠিক আছে। আলজিরিয়া ম্যাচে পাওয়া যাবে। গত দু’দিনের প্র্যাকটিসে সে সাচ্ছন্দ ও উন্নতি ও দেখিয়েছে, তা একইরকম থাকলে ম্যাচে খেলবে শুরু থেকেই। জুলিয়ান আলভারেজ গোড়ালির চোট সারিয়ে ফেলেছে। আশা করছি ওকে দলে রাখা সম্ভব হবে, আর প্রয়োজন মতো ব্যবহার করব।’ একমাত্র ম্যাচের আগে ফিটনেস দেখে নিকোলাস টাগলিয়াফিকোর ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন আলজিরিয়া ম্যাচে দলে রাখবেন কিনা।
স্কালোনির মতে, ‘ দলে এত কোয়ালিটি ফুটবল, কাকে ছেড়ে কাকে খেলবেন, এটা ঠিক করাই আমার পক্ষে কঠিন হয়ে পড়ে। তারওপর এখন দলের সকলেই চোট মুক্ত। তাই হাতে অপশন অনেক বেশি। দল গড়ার ক্ষেত্রে কখনও কখনও প্রতিপক্ষ বুঝে ফুটবলার বাছতে হয়। এতে নামী ফুটবলার শুরুতে দলে জায়গা নাও পেতে পারে। কারণ আমার কাছে ম্যাচের গুরুত্ব বা ভারসাম্যটা প্রাধান্য পায়, নাম নয়। তাই প্রথম একাদশে কেউ কেউ বাদ পড়লে, তা নিয়ে অসন্তোষের জায়গা নেই। আসলে দলের জন্য যেটা ভাল, সেটাই আমি করে থাকি।’
আলজিরিয়ার বিরুদ্ধে খেলার পর আর্জেন্টিনা বাকি দু’ই ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রিয়া ও জর্ডনের।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
