ছবি— কার্লোস আলকারাজের ছবি অস্ট্রেলিয়ান ওপেনের এক্স থেকে
অলস্পোর্ট ডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন, একইসঙ্গে অনন্য নজির গড়লেন কার্লোস আলকারাজ। মেলবোর্ন পার্কে এর আগে ১০টি অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে হারেননি নোভাক জকোভিচ। তাঁকেই পুরুষ সিঙ্গলস ফাইনালে হারিয়ে ট্রফি জিতলেন আলকারাজ, সর্বকনিষ্ঠ টেনিস খেলোয়াড় হিসেবে কেরিয়ার গ্র্যান্ডস্লাম খেতাব প্রাপ্তির স্বীকৃতি লাভ করলেন।
শুরুটা মধুর হয়নি আলকারাজের। ২৫তম খেতাবের লক্ষ্যে কোর্টে নামা ৩৮ বছরের জকোভিচ তাঁর স্বভাবসিদ্ধ মেজাজে প্রথম সেটা জিতে নেন ৬-২ গেমে। মনে হয়েছিল বাকি গেমগুলিতেও তাঁর আধিপত্য বজায় থাকবে। কিন্তু স্প্যানিশ তারকা আলকারাজ অন্য ভাবনা নিয়েই কোর্টে লড়তে নেমেছিলেন। দুরন্তভাবে ঘুরে দাঁড়ান শটের বৈচিত্র এনে ও জকোভিচকে ভুল করতে বাধ্য করে। পরপর তিন সেট ৬-২, ৬-৩, ও ৭-৫ গেমে জিতে খেতাব পকেটে পোরেন আলকারাজ।
জয় নিশ্চিত হতেই র্যাকেট হাত থেকে ফেলে চিত হয়ে মাটিতে শুয়ে পড়েন আলকারাজ মাথায় দু’হাত রেখে। বুঝতে অসুবিধা হয়নি, জকোভিচকে হারিয়ে ট্রফি জয়ের আনন্দ কয়েকমুহূর্তের জন্য তিনি বিহ্বল হয়ে পড়েছিলেন। অবশ্য কয়েক সেকেন্ডের মধ্যে মাটি ছেড়ে উঠে দৌড়ে গিয়ে নেটের সামনে জকোভিচের সঙ্গে হাত মেলান আলকারাজ। দু’জনের মধ্যে সামান্য কথাও হয়। জকোভিচ হেসে আলকারাজকে অভিনন্দন জানান। তারপরই আলকারাজ ছুটে গিয়ে কোর্টের ধারে বসা কোচকে জড়িয়ে ধরেন। এরপর বাবা ও দলের অন্যান্য সদস্যদেরও বুকে জড়ান তিনি।
দুই তারকার ম্যাচটা বেশ উপভোগ্য হয়েছিল সহজে নিজের জমি ছাড়তে না চাওয়ায়। তবে শেষদিকে বাজিমাত করেন আলকারাজ ১৬টা ব্রেক পয়েন্টের মধ্যে ৫টা নিজের পক্ষে কাজে লাগিয়ে। জকোভিচ সেখানে সফল হন ৬টার মধ্যে ২টোয়। এটাই পার্থক্য গড়ে দেয়।
২২ বছর ২৭২ দিন বয়সী আলকারাজ সর্বকনিষ্ঠ টেনিস তারকা হিসেবে চারটি প্রধান টুর্নামেন্টের সিঙ্গলস খেতাব জিতলেন। এর আগে এই রেকর্ড ছিল ডন বাজের। ২২ বছর ৩৬৩ দিনে ১৯৩৮ ফরাসী ওপেন জিতে কেরিয়ার গ্র্যান্ডস্লাম লাভের নজির গড়েছিলেন বাজ। আলকারাজের দখলে এখন ৭টি বড় খেতাব। এর আগে দু’টি করে উইম্বলডন, ফরাসি ও ইউএস ওপেন জিতলেও, অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন প্রথমবার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
