অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় সিঙ্গলস টেনিস প্লেয়ারদের জন্য সোমবারটা ভালই গেল। এদিন হ্যাংঝৌতে চলা এশিয়ান গেমস ২০২৩-এর প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারতীয় টেনিসের অঙ্কিতা রায়না, রুতুজা ভোশলে এবং রামকুমার রামানাথান।
আঙ্কিতা এদিন ম্যাচের ৩২তম রাউন্ডে উজবেকিস্তানের সাবরিনা ওলিমজনোভাকে ৬-০, ৬-০-তে খুব সহজেই পরাজিত করেন। পুরো খেলা নিজের দখলে আনতে মাত্র ৩০ মিনিট সময় নিয়েছিলেন তিনি।
রুতুজা এদিন কাজাখিস্তানের আরুঝান সাগানডিকভাকে হারান। প্রথম সেটে টাইব্রেকার হলেও দ্বিতীয় সেটে খেলা পুরোপুরি রুতুজার পক্ষে ছিল। এদিনের ম্যাচের স্কোর হয় ৭-৬(২) এবং ৬-২। প্রথম সেটের খেলা ৭৬ মিনিট পর্যন্ত চলে এবং দ্বিতীয় সেটের খেলা শেষ হয় ৪৫ মিনিটে। মোট দু’ঘন্টার একটু বেশি সময় লেগেছিল ম্যাচ শেষ হতে।
তাজাকিস্তানের শুনাতুল্লো ইস্রইলভ প্রতিদ্বন্দ্বিতা করতে না পারায় রামকুমার ওয়াকওভার পেয়ে যান।
এর আগে ভারতীয় টেনিস খেলোয়াড় সুমিত নাগাল তাঁর ১৯তম এশিয়ান গেমস নিজের ছন্দে শুরু করেছিলেন। রবিবার চিনের হো টিন মার্কোকে ৬-০,৬-০-তে হারিয়ে দেন তিনি। এদিন একটিও পয়েন্ট না হারিয়ে মার্কোকে বড় ধাক্কা দেন নাগাল। এটা শুধুমাত্র তাঁর ব্যাক্তিগত কৃতিত্বই ছিল না। সকল ভারতবাসীর কাছেও এটা গর্বের মুহূর্ত। এটা দিয়ে তিনি এশিয়ান গেমসে দেশের উপস্থিতিকে শক্তিশালী করেন।
সম্প্রতি নাগাল বেশ কয়েকটি কৃতিত্ব অর্জন করেছেন। তিনি এবং তাঁর ভিয়েতনামী সঙ্গী লাই হোয়াং ন্যাম ২০১৫-তে উইম্বলডন জুনিয়ার ছেলেদের ডাবলস শিরোপা জিতেছিলেন, যা তাঁকে ষষ্ঠ ভারতীয় খেলোয়াড় হিসেবে জুনিয়র গ্র্যান্ড স্লাম খেতাব এনে দেয়। এরপর ২০১৯-এ ইউএস ওপেনে, তিনি তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম মূল পর্বের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যেখানে তিনি তাঁর প্রথম রাউন্ডের ম্যাচে রজার ফেডেরারের মুখোমুখি হয়েছিলেন।
এছাড়াও, ভারতীয় পুরুষদের ডাবলস-এ সাকেথ মাইনেনি এবং রামনাথন রামকুমার জুটি রবিবার নেপালের বাস্তোলা অভিষেক এবং খড়কা প্রদীপের বিপক্ষে জেতেন।এদিন জিতে এশিয়ান গেমসে প্রি-কোয়ার্টার ফাইনালে সরাসরি উঠে যান তাঁরা।
মাত্র ৫৭ মিনিটে নেপালকে ৬-২, ৬-৩ সেটে হারিয়েছেন সাকেথ-রামনাথন জুটি।
ভারতীয় টেনিস দল ২৪ সেপ্টেম্বর এশিয়ান গেমসে নিজেদের অভিযান শুরু করেছে এবং ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টেনিস ইভেন্টগুলো চলবে।
এশিয়ান গেমসের ইতিহাসে, টেনিসে ভারত মোট ৩২টি পদক জিতেছে। তাঁর মধ্যে নয়টি সোনা, ছয়টি রুপো এবং ১৭টি ব্রোঞ্জ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
