এশিয়ান গেমস -এর ট্রায়ালে কুস্গিতিররা
অলস্পোর্ট ডেস্ক: কুস্তিগিরদের এশিয়ান গেমস -এর জন্য ট্রায়াল কবে হবে, তা নিয়ে ধোঁয়াশা চলছেই। তবে জানা যাচ্ছে, অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া বেসরকারিভাবে ঘোষণা করেছে যে, ২০ জুলাই -এর পর ট্রায়াল শুরু হবে।
প্রাথমিকভাবে ১৫ জুলাইয়ের মধ্যে এশিয়ান গেমসে কুস্তিগিরদের নাম পাঠানোর জন্য সদস্য দেশগুলিকে নির্দেশ দিয়েছিল এশিয়ার অলিম্পিক কাউন্সিল। ভারতীয় কুস্তি ফেডারেশন নাম পাঠানোর আগে ট্রায়াল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে এখনও পর্যন্ত সেই ট্রায়ালের দিন ঘোষণা করতে পারেনি ফেডারেশনের দায়িত্বে থাকা প্যানেল।
প্যানেলের এক সদস্য জিয়ান সিং দাবি করেছেন, ‘‘নাম পাঠানো নিয়ে কাউন্সিলের সঙ্গে তাঁদের কথা হয়েছে। বেসরকারিভাবে কাউন্সিল তাঁদের আশ্বাস দিয়েছে সময়সীমা বাড়ানো হবে। তবে সরকারিভাবে কোনও চিঠি পায়নি প্যানেল। এমনকী, কতদিন বাড়ানো হবে, ১০,১২ কিংবা ১৫ দিন তাও স্পষ্ট করে জানায়নি কাউন্সিল।’’
তিনি বলেন, ‘‘তবে আমরা আর বেশি দেরি না করে ১০ জুলাই, সোমবারের মধ্যেই ট্রায়ালের দিন ঘোষণা করে দেব। খুব সম্ভবত ২০ জুলাইয়ের মধ্যেই ট্রায়াল হয়ে যাবে।’’
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন এশিয়ান গেমসের আয়োজকদের অনুরোধ করা হয়েছিল, নাম পাঠানোর সময়সীমা ১০ অগস্ট পর্যন্ত বাড়ানোর জন্য। যাতে প্রতিবাদী কুস্তিগিররা প্রস্তুত হওয়ার জন্য যথেষ্ট সময় দিতে পারেন।
অলিম্পিকে পদক জয়ী বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং এশিয়ান গেমসের স্বর্ণপদক জয়ী ভিনেশ ফোগত-সহ ছয়জন তাঁদের অতিরিক্ত সময় দেওয়ার জন্য ক্রীড়া মন্ত্রকের কাছে অনুরোধ করেছিলেন। তাঁরা দাবি করেছেন যে, রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ৩৮ দিনের দীর্ঘ প্রতিবাদের কারণে তাঁরা ট্রায়ালের জন্য শারীরিকভাবে প্রস্তুত নন। ফলে তাদের সময় দরকার।
জিয়ান সিং বলেন, ‘‘যে ছয়জন কুস্তিগির ট্রায়ালের জন্য আরও সময় চেয়েছিল তাদের রিজার্ভ হিসাবে অন্তর্ভুক্ত করা হবে। সুতরাং, আমরা একটি নিশ্চিত এন্ট্রি পাঠাব এবং যারা আরও সময় চেয়েছিলেন তাদের নাম সংরক্ষণের তালিকায় রাখা হবে। তিনজন পুরুষ ও তিনজন মহিলা কুস্তিগিরের নাম রিজার্ভ হিসেবে পাঠানোর কথা ঠিক হয়েছে।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
