Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ ফুটবল-‌ক্রিকেটের উন্মাদনার মাঝে অন্য অনেক খেলার অভুতপূর্ব সাফল্য ঢাকা পড়ে থাকে। এমনই একটা খেলা টেবিল টেনিস। যেখানে ভারতীয় ক্রিকেট ও ফুটবল দলে বাঙালি খেলোয়াড় নেই বলে আক্ষেপ শোনা যায়, রাজ্যবাসীর মুখে, সেখানে সর্বভারতীয় তো বটেই আন্তর্জাতিক স্তরেও বাঙালি টেবিল টেনিস খেলোয়াড়দের দাপট ঈর্ষণীয়। তবু তাঁদের অধিকাংশই থেকে যান প্রচারের আড়ালে বিরাট মাপের সাফল্য সত্ত্বেও। তাঁদের উৎসাহ দিতে বুধবার এক বিশেষ সংবর্ধনার আয়োজন করেছিলেন বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সচিব শর্মী সেনগুপ্ত ও সভাপতি স্বপন ব্যানার্জি।

বাইপাসের ধারে এক অভিজাত হোটেলে ২০২৩-‌২৪ ও ২৪-‌২৫ বর্ষে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বাংলার সফল ১২ জন টেবিল টেনিস খেলোয়াড় ও ৪ জন কোচকে সংবর্ধিত করলেন শর্মীরা, বাংলার বিশিষ্ট টেবিল টেনিস প্রশিক্ষকদের হাত দিয়ে। যাঁরা সংবর্ধনা পেলেন তাঁরা হলেন, খেলোয়াড় সুতীর্থা মুখার্জি, ঐহিকা মুখার্জি, অঙ্কুর ভট্টাটার্য, বোধিসত্ত্ব চৌধুরি, পুনিত বিশ্বাস, আঙ্কোলিকা চক্রবর্তী, আদিত্য দাস, সোহম মুখার্জি, সিন্ড্রেলা দাস, আরুষী নন্দী, প্রতীতি পাল, রূপম সর্দার ও কোচ বেঙ্গল টেবিল টেনিস অ্যাকাদেমির তপন চন্দ্র, সৌরভ চক্রবর্তী, শুভজিত সাহা(‌জুনিয়র)‌, ও অনিন্দিতা চক্রবর্তী।

সুতীর্থার প্রথম জীবনের কোচ ক্রীড়াগুরু মিহির ঘোষকেও বিশেষ সংবর্ধনা জানানো হয়। তিনি টেবিল টেনিসের প্রচার ও প্রসারের স্বার্থে রাজ্য সরকার ও ক্রীড়াদপ্তরের কাছে আরও বেশি করে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আবেদন রাখেন। সেটা শুনে বিএসটিটিএ-‌র সংবর্ধনা অনুষ্ঠান মঞ্চে বেঙ্গল টেবিল টেনিস অ্যাকাদেমির কোচ তপন চন্দ্র বলেন, অ্যাকাদেমির দরজা বাংলার সব খেলোয়াড়ের জন্য খোলা। সেখানে তিনি ছাড়াও আর ৪ জন কোচ আছেন। খেলোয়াড়রা এলে তাঁদের সাহায্য করতে প্রস্তুত প্রশিক্ষণ দিয়ে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *