Cart Total Items (0)

Cart

All Sports
কিদাম্বি শ্রীকান্ত

অলস্পোর্ট ডেস্ক: ২১ অগস্ট থেকে শুরু হওয়া বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ-এর প্রথম দিনই হতাশ করলেন কিদাম্বি শ্রীকান্ত। ডেনমার্কের কোপেনহেগেনে বসেছে এই প্রতিযোগিতার আসর। এই চ্যাম্পিয়নশিপের প্রথম দিন প্রথম রাউন্ডেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্ত। মিক্সড ডবলসেও ভারতের শুরুটা ভাল হল না। এন সিকি রেড্ডি এবং রোহন কাপূরের জুটি এদিন হেরে যায় স্কটল্যান্ড জুটির কাছে। যদিও প্রথম দিন আশার আলো দেখিয়েছেন লক্ষ্য সেন এবং এইচএস প্রণয়। তাঁরা দু’জনেই এদিন প্রথম রাউন্ড জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছয়।

ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডেই ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্তের বিদায়টা অপ্রত্যাশিত। সোমবার ডেনমার্কের কোপেনহেগেনে স্ট্রেট গেমে কেনতা নিশিমতোর কাছে হারতে হয় তাঁকে। সেকেন্ড রাউন্ডের শেষে নিশিমতোর পক্ষে ম্যাচের ফল ২১-১৪, ২১-১৪।

অন্যদিকে লক্ষ্য সেন এবং প্রণয় প্রথম রাউন্ড জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যান। কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন লক্ষ্য সেন মরিশাসের জুলিয়েন পলকে ২১-১২, ২১-৭ গেমে হারিয়ে দেন। মাত্র ২৪ মিনিটেই লক্ষ্য নিজের দিকে খেলা ঘুরিয়ে আনেন। প্রণয়ও সহজেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যান। ফিনল্যান্ডের কাল্লি কলজিওনেনকে ২৪-২২, ২১-১০ গেমে হারিয়ে দেন প্রণয়। 

মিক্সড ডবলসে ভারতীয় জুটি ভাল ফল করতে পারেনি। এন সিকি রেড্ডি এবং রোহন কাপূর স্কটল্যান্ডের জুলি ম্যাকফারসন এবং অ্যাডাম জুটির কাছে ১৪-২১, ২২-২০ এবং ১৮-২১ গেমে হেরে যান।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *