Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার কোপেনহেগেনে বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ-এ ভারতের জয়জয়কার হল। পরপর দুর্দান্ত ম্যাচ খেলে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের পুরুষদের সিঙ্গেলসের ও ডবলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন এইচএস প্রণয় এবং সাত্ত্বিক-চিরাগ জুটি।

এদিন সিঙ্গাপুরের প্রাক্তন চ্যাম্পিয়ন লোহ কেন ইয়ুর বিরুদ্ধে তিন গেমের লড়াই জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের অনেকটা কাছাকাছি চলে এলেন এইচএস প্রণয়। বিশ্বের ন’নম্বর প্রণয়, যিনি মালয়েশিয়া মাস্টার্স জিতেছেন এবং এই মরসুমে অস্ট্রেলিয়ান ওপেনে রানার্স আপও হয়েছেন, বিশ্বের সাত নম্বর লোহকে ২১-১৮, ১৫-২১, ২১-১৯ গেমে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি। কেরালার ৩১ বছর বয়সী এই খেলোয়াড় এখন শেষ আটে, বিশ্বের এক নম্বর ভিক্টর অ্যাক্সেলসেন কিংবা তাইপেইয়ের চৌ তিয়েন চেনের মধ্যে কোনও একজনের সঙ্গে কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবেন।

একইসঙ্গে এদিন সাত্ত্বিক-চিরাগ জুটিও কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেন। ভারতীয় শাটলার জুটি সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির ২০২৩ দারুণ কাটছে। চলতি বছরে একের পর এক টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন সাত্ত্বিক-চিরাগরা। কোপেনহেগেনেও সেই একই দাপট চোখে পড়ল এই ভারতীয় জুটির মধ্যে। পুরুষদের ডাবলসের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে ইন্দোনেশিয়ার জুটি লিও রলি কার্নান্দো ও ড্যানিয়েল মার্টিনকে হারিয়েছেন সাত্ত্বিক-চিরাগরা।

ইন্দোনেশিয়ার এই জুটির বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালের লড়াই চলে প্রায় এক ঘণ্টা। দশম বাছাই কার্নান্দো-মার্টিনের বিরুদ্ধে প্রথম গেমে সাত্ত্বিক-চিরাগরা জেতেন ২১-১৫ ব্যবধানে। দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ান লিও-ড্যানিয়েলরা। এই গেমে ২১-১৯ ব্যবধানে জেতেন তাঁরা। এর পর তৃতীয় গেমে ড্যানিয়েলদের আর সুযোগ দেয়নি ভারতীয় জুটি। এবং শেষ পর্যন্ত তৃতীয় গেম ২১-৯ পয়েন্টে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন চিরাগরা।

গতবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাত্ত্বিক-চিরাগরা ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। এবার সেই পদকের রঙ বদলের দিন কাছে আসছে বলে মনে করা হচ্ছে। ভারতীয় ব্যাডমিন্টন ভক্তরা আস্থা রাখছেন ভারতের ‘সাত্ত্বিক-চিরাগ’জুটির উপর।

সাত্ত্বিক-চিরাগদের কোয়ার্টার ফাইনালে ওঠার দিন ভারতের মেয়েদের ডাবলস জুটি তৃষা জলি এবং গায়েত্রী গোপীচাঁদ হেরে গিয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে বিশ্ব ক্রমতালিকায় ১৯ নম্বরে থাকা তৃষা-গায়েত্রী জুটি চিনের চেন কিং চেন-জিয়া ই ফান জুটির বিরুদ্ধে নেমেছিলেন। টুর্নামেন্টের শীর্ষবাছাই জুটি চেন কিং এবং জিয়া ইর কাছে ২১-১৪, ২১-৯ গেমে হেরে গিয়েছেন তৃষা-গায়েত্রীরা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *