সৌরভ ঘোষাল। ছবি সৌজন্যে, টুইটার
অলস্পোর্ট ডেস্ক: ভারতের অন্যতম সেরা স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষাল। যিনি সদ্য এশিয়ান গেমস থেকে রুপোর পদক নিয়ে বাড়ি ফিরেছেন। তাঁর বয়স বর্তমানে ৩৭ বছর। স্বাভাবিকভাবেই ৪০ বছরের পরও খেলা চালিয়ে যাবেন এমন কোনও সুযোগ বা আশা করেননি তিনি নিজেই, কিন্তু এদিন লস অ্যাঞ্জেলস ২০২৮ অলিম্পিকে স্কোয়াশের সংযোজন তাঁকে নিজের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। সোমবার আইওএস অলিম্পিকে স্কোয়াশের অন্তর্ভুক্তি ঘোষণা করেছে বাকি চারটি আরও নতুন খেলার সঙ্গে। ফলে ২০২৮-এর অলিম্পিকে খেলার জন্য সৌরভকে নতুন করে ভাবতে বসতে হচ্ছে।
বিশ্বের ১৮ নম্বর বাছাই ঘোষাল তাঁর পেশাদার কেরিয়ারে কাটিয়ে দিলেন প্রায় ২০ বছর। ২০০৩ থেকে শুরু হয়েছিল তাঁর যাত্রা। এরপর ছ’টি এশিয়ান গেমসে অংশগ্রহণ এবং ২০২২-এ প্রতিযোগিতামূলক কমনওয়েলথ গেমসে স্কোয়াশের সিঙ্গলস ইভেন্টে পদক জিতে প্রথম ভারতীয় হয়েছেন। কিন্তু বিগত ২০ বছর ধরে অলিম্পিকে হতাশাজনকভাবে সংস্করণের পর সংস্করণে স্কোয়াশকে উপেক্ষা করা হয়েছে। এরপর সোমবারের উক্ত ঘোষণা ঘোষাল এবং স্কোয়াশের সঙ্গে জড়িত প্রতিটি খেলোয়াড়কেই স্বস্তি এবং আনন্দের বার্তা প্রদান করেছে। তারাও রাতদিন কত স্বপ্ন বুনেছেন গ্রীষ্মকালীন গেমসে একটি পদক জিতবেন বলে। স্পোর্টসে অলিম্পিকের চেয়ে বড় কোনও টুর্নামেন্ট হয়না। সেই সুযোগ যখন এইবার এসে গিয়েছে, সৌরভও অলিম্পিকের সেই স্বাদ নিতে চাইবেন অন্তত একবারের জন্যে হলেও।
‘‘সম্ভব হোক বা না হোক, আমাকে সবার আগে আমার দল এবং পরিবারের সঙ্গে বসতে হবে, যদি আমি এতদূর যেতে পারি এবং ভারতের জন্য একটি পদক জিতে নিতে পারি, তবে এটি আমার কেরিয়ারের সবচেয়ে সেরা মুহূর্ত হবে,’’ ২০২৮ অলিম্পিকে স্কোয়াশের অন্তর্ভুক্তিকরণের পর ঘোষাল বললেন পিটিআইকে।
তিনি বলেন, ‘‘যদি আজ এইরকম একটি উন্নয়নমূলক ঘোষণা না হত, তাহলে আমার ৪২ বছর বয়স অবধি খেলা চালিয়ে যাওয়ার কোনও সম্ভাবনাই ছিল না। কিন্তু এখন আমি নিশ্চিত যে আমার মতো অন্যরাও ৪০ বছর হওয়া সত্ত্বেও শুধু অলিম্পিক বলে খেলা চালিয়ে যাওয়ার কথা আবার বিবেচনা করবেন। আমি গত সপ্তাহে হ্যাংঝৌ থেকে ফিরেছি এবং আমার দলের সঙ্গে কিছু সময় দরকার বসে কথা বলার জন্য। এটি বাস্তবে সম্ভব কিনা তা ভাবতে সময় দরকার। আমি আশা করি আমি খেলতে পারব, কিন্তু এখনই কোন প্রতিশ্রুতি দিতে পারছিনা। এটি অবশ্যই একটি বড় সিদ্ধান্ত আমার জীবনের জন্য।’’
ঘোষাল মনে করেন, এটি বিশ্ব স্কোয়াশের জন্য একটি স্মরণীয় দিন। প্রতিটি স্কোয়াশ খেলোয়াড়ই এই দিনের জন্য স্বপ্ন দেখেছেন একদিন। তিনি বলেন, ‘‘আমরা উচ্ছ্বসিত, এত বছরের অধ্যবসায়ের পর অবশেষে আমরা এলে-২৮-এ খেলার সুযোগ পেয়েছি।”
সৌরভ ঘোষাল তাঁর খেলতে পারা নিয়ে আশাবাদী অনেকটাই। কিন্তু পাঁচটা বছরের দৃড় অপেক্ষা অনেকসময়ে মানুষের সিদ্ধান্ত বদলও করে দিতে পারে, তাই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করছেন না বাংলার ছেলে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
