Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার থেকে ক্যালগেরিতে শুরু হয়ে গেল কানাডা ওপেন ২০২৩ ব্যাডমিন্টন টুর্নামেন্ট। ভারতের হয়ে এই টুর্নামেন্টে ওপেন করবেন তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন।

তাইপেই ওপেন ২০২৩-এ খেলতে পারে‌ননি পিভি সিন্ধু। এই টুর্নামেন্ট তাঁর কাছে কামব্যাকের মঞ্চ হিসেবে কাজ করবে। ব্যাডমিন্টনে বিশ্ব র‍্যাঙ্কিং-এ এদিনই ১২ থেকে ১৫-তে নেমে গিয়েছেন সিন্ধু। গত তিনবার বিডব্লুএফ বিশ্ব ট্যুর ইভেন্টে ভাল পারফরমেন্স দেখাতে পারেননি তিনি। দ্বিতীয় রাউন্ড পর্যন্তও যেতে অসফল হন। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু সিঙ্গাপুর ওপেন এবং থাইল্যান্ড ওপেন থেকে প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন। এরপর ইন্দোনেশিয়া ওপেনে রাউন্ড অফ ১৬-এ বাদ পড়েন।

এই মরসুমে, সিন্ধু মাত্র একবার মাদ্রিদ মাস্টার্স ২০২৩-এর ফাইনালে পৌঁছেছিলেন। এছাড়া, মালয়েশিয়া মাস্টার্সের সেমিফাইনালে উঠেছিলেন। ২৭ বছর বয়সী সিন্ধু এবার কানাডা ওপেনে শুরু করবেন বিশ্বের ৬১ নম্বর-এ থাকা কানাডার তালিয়া এনজির বিরুদ্ধে।

সিন্ধু ছাড়াও, তাসনিম মীর এবং গাদ্দে রুতিকা শিবানী, ব্যাডমিন্টন সিঙ্গলসে অংশ নেবেন। তাসনিম মীর ভিয়েতনামের থুই লিন এনগুয়েনের বিরুদ্ধে খেলবেন। এদিকে শিবানী থাইল্যান্ডের সুপানিদা কাথেথংয়ের মুখোমুখি হবেন তাঁর ওপেনিং গেমে।

কানাডা ওপেনের পুরুষদের ইভেন্টের মূল পর্বে বিশ্বের ১৯ নম্বরে থাকা লক্ষ্য সেন ভারতের একমাত্র ব্যাডমিন্টন খেলোয়াড়। তিনি বিশ্বের তিন নম্বর থাইল্যান্ডের, কুনলাভুত ভিতিদসর্নের সঙ্গে খেলবেন রাউন্ড অফ ৩২-এ।

২০১৪ কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন পারুপল্লি কাশ্যপ যোগ্যতা নির্ণায়ক রাউন্ডের  প্রথম ম্যাচে মুখোমুখি হবেন জার্মানির কাই শেফারের৷ তারপরই কোয়ালিফিকেশন রাউন্ডে এস শঙ্কর মুথুসামি সুব্রামানিয়ান এবং বি সাই প্রণীতও খেলা শুরু করবেন।

এইচএস প্রণয় এবং কিদাম্বি শ্রীকান্ত কানাডা ইভেন্টে এবার খেলছেন না। গত মাসে ইন্দোনেশিয়া ওপেনে জেতা ভারতের শীর্ষ জুটি চিরাগ শেট্টি এবং সাত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডিও খেলছেন না।

এদিকে পুরুষদের ডাবলসে, কৃষ্ণ প্রসাদ গারাগা এবং বিষ্ণুবর্ধন গৌড়ের জুটি ভারতের একমাত্র চ্যালেঞ্জ। এই জুটি শুরু করবে ফরাসি জুটি জুলিয়েন মাইও এবং উইলিয়াম ভিলেগারের বিরুদ্ধে।

মহিলা ডাবলস-এ, ভারতীয় জুটি তানিশা ক্রাস্টো এবং অশ্বিনী পোনাপ্পা অস্ট্রেলিয়ান জুটি ক্যাটলিন এবং গ্রোন্যা সামারভিলের বিপক্ষে খেলবে।

বিডব্লুএফ বিশ্ব ট্যুর ক্যালেন্ডার অনুযায়ী‌ ইন্দোনেশিয়া মাস্টার্স, মালয়েশিয়া মাস্টার্স এবং থাইল্যান্ড ওপে‌নের পর, কানাডা ওপেন ২০২৩, চতুর্থ সুপার ৫০০ টুর্নামেন্ট।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *