Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: এই মরসুমে ইন্দোনেশিয়া ওপেন, এশিয়া চ্যাম্পিয়নশিপ, সুইস ওপেন এবং কোরিয়া ওপেনে একটানা জিতেছেন  চিরাগ শেট্টি এবং তাঁর পার্টনার সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি। সাফল্যের তুঙ্গে রয়েছে ভারতীয় এই ব্যাডমিন্টন জুটি। কিন্তু এখানেই থামতে চান না তিনি। বরং তিনি স্বপ্ন দেখেন ঘর ভর্তি পদকের। এই তারকা খেলোয়াড় অবসরের আগে একটা পদক ভর্তি ঘর চান। তাঁর জীবনের মন্ত্র হল সেরা ব্যাডমিন্টন খেলা এবং সাফল্য পাওয়া। গত বছর তাঁদের এই জুটি কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিল।

চিরাগ এক ইন্টারভিউতে বলেছেন, ‘‘জুটি হিসেবে আমি সব টুর্নামেন্টে জিততে চাই। আশা করি আমার অবসর নিতে এখনও কয়েক বছর বাকি আছে। আমি চাই তাঁর আগে আমার ঘরে ব্যাডমিন্টনের সমস্ত বড় টুর্নামেন্টের পদক থাকবে। আমি এই ব্যাপারে খুবই উৎসাহিত। অলিম্পিক গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস এরকম অনেক টুর্নামেন্ট এখনও জিততে পারিনি আমরা। এই সব খেলা জিততে চাই আমরা।“

ভারতের দ্বিতীয় সেরা এই জুটি শেষ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। আগামী ২১ অগস্ট ডেনমার্কে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে খেলার জন্য প্রস্তুত তাঁরা। ‘‘আমরা ফলাফলের দিকে নজর দিচ্ছি না। আমরা এখানে আমাদের সেরা ব্যাডমিন্টন খেলতে এসেছি এবং আমরা যদি আমাদের সেরা দিয়ে খেলতে পারি, তবে বিশ্বের যে কোনও জুটিকে হারিয়ে দিতে পারব আমরা। এমনকি পরের সপ্তাহে শুরু হবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। সেখানেও আমাদের লক্ষ্য এটাই হবে,” বলেন চিরাগ।

২৬ বছর বয়সী এই খেলোয়াড় মনে করেন, তাঁরা এই টুর্নামেন্টে সেরা না খেললেও কাছাকাছি খেলতে পারলেই প্রতিটা রাউন্ডে জিততে পারবেন তাঁরা। টুর্নামেন্ট রাখতে পারবেন নিজেদের নিয়ন্ত্রণে।

‘‘আমার মনে হয় কোর্টের সামনে থেকে খেলা ভাল। আমি নেটে সবসময় ভাল খেলতে পারি এবং সাত্বিক সবসময় পিছনে থেকে ভাল খেলতে পারে। তবে অনেক সময় সাত্বিক সামনে থেকে খেলেছে এবং আমি পিছনে। কিন্তু সেটা আমাদের দু’জনের জন্যই স্বাভাবিক ছিল না,”বলেন তিনি।

তিনি মনে করেন, তাঁদের এই পজিশনে খেলা প্রতিপক্ষকেও অবাক করেছিল। কারণ তাঁরা সবসময় চিরাগকেই সামনে থেকে খেলতে দেখতে অভ্যস্ত। অনেক সময় এটাই এই জুটির জেতার অস্ত্র হয়ে উঠেছিল।

‘‘ম্যাথিস আসায় আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। শেষ দেড় বছর তাঁর সঙ্গে কাজ করা আমার এবং সাত্বিক দু’জনের জন্যই ভাল হয়েছে। এই ক’দিনে আমাদের খেলায় অনেক ধারাবাহিকতা এসেছে। সম্ভবত গত বছর থমাস কাপের পর থেকেই আমাদের খেলার ধারাবাহিকতা এসেছে,“ বলেন চিরাগ।

চিরাগ মনে করেন ২০২৪-এর অলিম্পিক এখনও অনেক বাকি। আমরা এখন সামনে যে খেলা আছে সেগুলোতে মনোযোগ দিচ্ছি।

‘‘অবশ্যই প্রতিটা খেলোয়াড়ের প্রধান লক্ষ্য থাকে অলিম্পিক জেতা। আমাদেরও এটা অনেকদিনের লক্ষ্য। কিন্তু অলিম্পিক শুরু হতে হাতে এখনও একবছর সময় আছে। আমি আর সাত্বিক আপাতত সামনের খেলার দিকে মনোযোগ দিচ্ছি। আমাদের পরবর্তী লক্ষ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমসে সেরা খেলা। তবে আমাদের ভাবনায় সবসময় অলিম্পিকের লক্ষ্য রয়েছে,” বলেন চিরাগ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *