অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস খেলার জন্য সরাসরি প্রবেশের ছাড় পেয়েছিলেন ভিনেশ ফোগত ও বজরং পুনিয়া। তবে ডব্লিউএফআইয়ের এই সিদ্ধান্তকে মেনে নেননি বাকি কুস্তিগিররা। যার ফলে দিল্লি হাইকোর্টে এই নিয়ে মামলা শুরু হয় গত বৃহস্পতিবার। হাইকোর্ট শুক্রবার জানায়, ২২ জুলাই তারা এই বিষয়ের উপর রায় দেবে।
বিচারপতি সুব্রমনিয়ম প্রসাদ কুস্তিগির সুজিত কালকাল ও অন্তিম পঙ্গলের করা ফোগত ও পুনিয়ার বিরুদ্ধে আবেদনের উপর রায় সংরক্ষিত রেখেছেন। বিচারক শুনানির সময় বলেন, “কে ভাল তা খুঁজে বের করা আদালতের কাজ নয়। প্রক্রিয়াটি ঠিকঠাক অনুসরণ করা হয়েছে কি না তা দেখার চেষ্টা করা হচ্ছে।’’
ফোগত (৫৩ কেজি) এবং পুনিয়াকে (৬৫ কেজি) মঙ্গলবার ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাড-হক কমিটি এশিয়ান গেমসের জন্য সরাসরি প্রবেশের ছাড় দিয়েছিল। অন্যদিকে, বাকি কুস্তিগিরদের ২২ এবং ২৩ জুলাই যোগ্যতা অর্জনের ট্রায়ালের মাধ্যমে ভারতীয় দলে তাদের জায়গা করে নিতে হবে। কালকাল ও পঙ্গল ফোগতদের এই অব্যাহতিকে চ্যালেঞ্জ করেন এবং একটি ন্যায্য নির্বাচন প্রক্রিয়া দাবি করেন।
আইনজীবী হৃষিকেশ বড়ুয়া এবং অক্ষয় কুমার দাবি করেন যে, আইওএ-র অ্যাড-হক কমিটির দ্বারা নির্বাচিত দু’টি বিভাগ (পুরুষদের ফ্রি স্টাইল ৬৫ কেজি এবং মহিলাদের ৫৩ কেজি) সম্পর্কে জারি করা নির্দেশ বাতিল করার কথা এবং ফোগত ও পুনিয়াকে দেওয়া ছাড়টিও প্রত্যাহার করে নেওয়া উচিত। বড়ুয়া বেশ কয়েকটি ভিত্তিতে এই সিদ্ধান্তকে তুলে নেওয়ার জন্য সওয়াল করেন। যার মধ্যে উল্লেখযোগ্য একটি উদাহরণ, ভারতের রেসলিং ফেডারেশনের (ডব্লিউএফআই) ২০২২-এর অগস্টে ক্রীড়াবিদদের অব্যাহতি দেওয়ার বিধান প্রত্যাহার করেছিল।
ডব্লিউএফআই-এর পরিচালনাকারী অ্যাড-হক প্যানেলের কাউন্সিল অবশ্য বলেন, এই ধরনের সিদ্ধান্ত ‘‘ফাইলে থাকে না’’। আদালত তাঁকে তাঁর উক্তির পরিপ্রেক্ষিতে একটি হলফনামা জারি করতে বলেছে। বৃহস্পতিবার, আদালত ডব্লিউএফআইয়ের অ্যাড-হক প্যানেলকে এশিয়ান গেমসের ট্রায়াল থেকে ফোগত এবং পুনিয়াকে অব্যাহতি দেওয়ার কারণগুলি জানাতে বলে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
