অলস্পোর্ট ডেস্ক: এলেনা রেবাকিনা অবশেষে আরিনা সাবালেঙ্কার ওপর মধুর প্রতিশোধ নিয়ে নিজের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতে নিলেন। তিন বছর আগে, মেলবোর্ন পার্কের একই কোর্টে, রেবাকিনা দেখেছিলেন তাঁর স্বপ্ন কীভাবে হাতছাড়া হয়ে যাচ্ছে, যখন সাবালেঙ্কা এক সেট পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ফিরে এসে তাঁর মন ভেঙে দিয়েছিলেন। শনিবার রাতে, ভাগ্য একই রকম একটি চিত্রনাট্য হাজির করে ফেলেছিল প্রায়, কিন্তু এবার রেবাকিনা নিজের কষ্টের নীরব দর্শক হতে রাজি ছিলেন না।
ফাইনাল ম্যাচটি এক অদ্ভুত সাদৃশ্য নিয়ে শুরু হয়েছিল। একটি নড়বড়ে প্রথম সেটের পর সাবালেঙ্কা নিজেকে সামলে নেন এবং ম্যাচে ফিরে আসেন, আবারও খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে লড়াই শুরু করেন। যখন তিনি নির্ণায়ক সেটে ৩-০ গেমে এগিয়ে যান, তখন ইতিহাসের পুরনাবৃত্তিই দেখা যাচ্ছিল কোর্টে এবং দর্শকরা ২০২৩ সালের সেই নির্মম পুনরাবৃত্তির আশঙ্কা করছিলেন। কিন্তু এবাকিনার পরিকল্পনা ছিল ভিন্ন। অসাধারণ সাহস ও স্থিরতা ধরে রেখেছিলেন তিনি, তিনি নির্ভীকভাবে ঘুরে দাঁড়ান এবং অতীতের ক্ষত থেকে জন্ম নেওয়া দৃঢ় সংকল্প নিয়ে খেলায় ফিরে আসেন।
দু’ঘণ্টা ১৮ মিনিটের স্নায়ুক্ষয়ী টেনিসের পর, রেবাকিনা রড লেভার অ্যারেনার ভর্তি গ্যালারির সামনে ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে জয় তুলে নেন। তাঁর বিধ্বংসী সার্ভের জন্য পরিচিত রেবাকিনা টুর্নামেন্ট জুড়ে ৪৭টি এস মেরেছেন এবং যথোপযুক্তভাবে একটি শেষ এস দিয়েই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেন। আর এরপরটা ছিল উচ্ছ্বাসের, আনন্দের। শুরুতে যেন বিশ্বাসই করতে পারছিলেন না। নিজের এই বিপুল সাফল্য, সঙ্গে প্রথমবারের মতো অনুভব করতে সময় লাগল অনেকটাই। শেষ পর্যন্তল অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের সিঙ্গলসে শেষ হাসি হাসলেন রেবাকিনা।
সাবালেঙ্কার জন্য এটি ছিল অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে আরেকটি হতাশাজনক পরাজয়, যা গত বছর ম্যাডিসন কিসের কাছে হারের পর আবারও হারের মুখ দেখতে হল। আর রেবাকিনার জন্য এটি ছিল নিজের যোগ্যতার প্রমাণ। ২০২২ সালের উইম্বলডনের পর তাঁর দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা এবং তাঁর ক্যারিয়ারের সবচেয়ে মধুরতম জয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
