Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ ভারতীয় টেবিল টেনিসের বর্তমান সময়ের অন্যতম সেরা নবীন তারকা হরমিত দেশাই । চলতি ডব্লুটিটি কনটেন্ডার প্রতিযোগিতায় স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি। নাইজেরিয়ার লাগোসে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শনিবার অন্যতম বড় অঘটনটি ঘটালেন ভারতীয় প্যাডলার। বিশ্ব ক্রমতালিকায় ২৬ নম্বরে থাকা প্যাডলার চিনের পেঙ্গকে হারিয়ে দিলেন তিনি। এই জয়ের ফলে তিনি পৌঁছে গেলেন সেমিফাইনালে।

প্রতিযোগিতার মূলপর্বে একজন কোয়ালিফায়ার হিসেবে প্রবেশ করে হরমিতের সেমিফাইনালে চলে যাওয়া নিঃসন্দেহে এক বড় বিষয়। তবে হরমিত চলতি প্রতিযোগিতায় এই নিয়ে প্রথমবার অঘটন ঘটালেন না। শুক্রবার তিনি প্রথম অঘটনটি ঘটিয়েছিলেন।

শুক্রবার প্রতিযোগিতার প্রথম বাছাই তথা এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় ১২ নম্বরে থাকা কোরিয়ার জ্যাঙ্গ উজিনকে কার্যত উড়িয়ে দেন তিনি।৩-০ ফলে তাঁকে হারিয়ে প্রথম অঘটনটি ঘটিয়েছিলেন হরমিত। আর সেই ধারা বজায় রেখেই শনিবার হারিয়ে দিলেন জিয়াঙ্গ পেঙ্গকে। ৩-১ গেমে হরমিত হারিয়ে দিয়েছেন পেঙ্গকে। 

রোমাঞ্চকর ম্যাচে প্রথম গেম জেতেন হরমিত দেশাই। ১১-৭ ফলে হারিয়ে দেন পেঙ্গকে। এরপরেই তাঁকে জোর ধাক্কা দেন পেঙ্গ। দ্বিতীয় গেমে ১১-৫ ফলে জিতে পেঙ্গ ম্যাচে সমতা ফেরান। তৃতীয় গেমে ১১-৭ ফলে জিতে ম্যাচে ২-১ লিড নেন হরমিত। চতুর্থ গেমে কার্যত একপেশে লড়াইয়ে জিতে সকলকে চমকে দেন হরমিত। ১১-১ ফলে চতুর্থ গেম জেতার পাশাপাশি ৩-১ ফলে ম্যাচ জিতে নেন হরমিত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *