অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার ক্রীড়ামন্ত্রক থেকে আসন্ন এশিয়ান গেমস-র জন্য ভারতীয় কন্টিনজেন্টের একটি সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে ২২ জন নতুন ক্রীড়াবিদকে যুক্ত করা হয়েছে এবং ২৫টি পরিবর্তন করা হয়েছে। যার মধ্যে অ্যাথলিট, কোচ এবং সহকারীরা অর্ন্তভুক্ত রয়েছেন। আধুনিক পেন্টাথেলনকেও তালিকায় যুক্ত করা হয়েছে। এইভাবেই এশিয়ান গেমসে মোট ৩৯টি ইভেন্টে অংশ নেবে ভারত
২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চিনের হ্যাংঝৌতে হতে চলেছে এশিয়ান গেমস। ভারতের মোট ৬৫৫ জন ক্রীড়াবিদ অংশ নেবেন এশিয়ান গেমসে। যার মধ্যে ২৬০ জন কোচ এবং সহকারীকে নিয়ে ভারতীয় কন্টিনজেন্টে রয়েছেন মোট ৯২১ জন।
ভারত থেকে শুটিংয়ে মনীষা কির, প্রীতি রাজাক এবং অঙ্গদবীর সিং বাজওয়াজকে যুক্ত করা হয়েছে। এছাড়াও অ্যাথলেটিক্সে অম্লান বোরগাইন, প্রীতি এবং প্রাচিকে দলে যুক্ত করা হয়েছে।
জু-জুৎসুতে অন্বেষা দেব, নিকিতা চৌধুরী, উমা মহেশ্বর এবং তরুণ যাদবকে যুক্ত করা হয়েছে।
জাহ্নবী চৌধুরীকে অ্যাকোয়াটিকসে যুক্ত করা হয়েছে, উশুতে সুরজ যাদবকে। এবং আধুনিক পেন্টাথেলনের একমাত্র খেলোয়াড় থাকছেন মায়াঙ্ক চপেকার।
বিশাল রুহিল, কেশব, সুচিকা তারিয়াল এবং জ্যোতি টোকাসকে যুক্ত করা হয়েছে কুরাশে। এছাড়াও পুরুষদের সাইক্লিং-এর দলে ভেঙ্কাপ্পা শিবাপ্পা কেঙ্গালগুট্টি, নীরজ কুমার, মনজিত কুমার এবং দীনেশ কুমারের মতো আরও চারজন ক্রীড়াবিদকে যুক্ত করা হয়েছে।
২০১৮-তে ইন্দোনেশিয়ায় হওয়া সর্বশেষ এশিয়ান গেমসের পর থেকে সরকার প্রদত্ত ভাতায় কোনও পরিবর্তন হয়নি। এখন মন্ত্রনালয় থেকে প্রতিদিন ৫০ মার্কিন ডলার ভাতা ঘোষণা করা হয়েছে।
‘‘কন্টিনজেন্ট সদস্যদের সরকার প্রদত্ত ভাতার বাইরে আরও ৫০ মার্কিন ডলার করে দেওয়া হবে প্রতিদিন হিসাবে।সরাসরি যা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। ভারতের ক্রীড়া মন্ত্রকের থেকে খুব শীঘ্রই ক্রীড়াবিদ এবং কর্মকর্তাদের ব্যাঙ্কের তথ্য নেওয়া হবে,’’ ক্রীড়া মন্ত্রক থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
