Cart Total Items (0)

Cart

All Sports India
এশিয়ান গেমস ২০২৩

অলস্পোর্ট ডেস্ক:‌ এশিয়া কাপ হকিতে তিনবারের চ্যাম্পিয়ন ভারতীয় হকি দল। আট বছর বাদে আবার খেতাব জয়ের হাতছানি ভারতীয় হকি দলের সামনে রাজগিরের মাঠে। ২৯ আগস্ট থেকে শুরু হওয়া এশিয়া কাপ হকির চ্যাম্পিয়ন দল ২০২৬ হল্যান্ড ও বেলজিয়ামে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপ হকিতে সরাসরি খেলার সুযোগ পাবে।

জার্কাতায় ২০২২য়ে শেষ এশিয়া কাপে তৃতীয় স্থান পেয়েছিল ভারত। চ্যাম্পিয়ন ও রানার্স হয়েছিল দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া। প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দল শেষবার এশিয়া কাপ জিতেছিল ২০১৭ সালে ঢাকাতে ফাইনালে মালয়েশিয়াকে ২-‌১ গোলে হারিয়ে।

রাজগিরে ঘরের মাঠে কাপ জিততে আত্মবিশ্বাসী ভারতীয় হকি দলের কোচ ক্রেগ ফুলটন। জানিয়েছেন, ‘‌ এশিয়া কাপে ভাল ফল করার লক্ষ্যে প্রস্তুতি ভালই হয়েছে। প্যারিস অলিম্পিকে দল যেভাবে পদকের লক্ষ্যে এগিয়েছিল, সেটা এখানেও অনুসরণ করবে। পুল পর্যায়ে ম্যাচ জেতার ধারাবাহিকতা বজায় রেখে। শুরুটা ভাল হওয়া দরকার। তারপর ধাপে ধাপে লক্ষ্যে দিকে এগিয়ে যাওয়া ছন্দ ধরে রেখে। পারফরমেন্সের তীব্রতা বাড়িয়ে। ভারতীয় দল যে আট বছর এশিয়া কাপে সফল হয়নি, সেটা সকলের মাথায় আছে। এই কারণে খেতাব জয়ের খিদে যেমন আছে, তেমন কোনও প্রতিপক্ষকেই হাল্কাভাবে নেওযার প্রশ্ন নেই। যেখানে মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হয়ে ১৪ থেকে ৩০ আগস্ট, হল্যান্ড ও বেলজিয়ামে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার যোগ্যতার্জন করা।’‌

রাজগিরের মাঠে প্রথমবার ভারতীয় পুরুষ হকি দল খেলবে। ভারতীয় কোচ ফুলটনের প্রতিক্রিয়া, ‘‌ এই মাঠে প্রথমবার এত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়ে খুশি। রাজগিরের মাঠে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সুবাদে এখানকার মানুষের মাঝে হকির প্রতি আকর্ষণ বাড়বে। তাই সেরা দেওয়াটা জরুরি আরও বেশি এই কারণে।’‌

এশিয়া কাপ হকিতে ভারতীয় দলের নেতৃত্বে হরমনপ্রীত। রাজগিরে খেলা নিয়ে তাঁর বক্তব্য, ‘‌ আমরা কখনও এর আগে বিহারে খেলিনি। রাজগির একবছরের মধ্যে দ্বিতীয়বার কোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করছে। এতে বোঝা যাচ্ছে, রাজ্য সরকার হকি প্রোমোট করতে কতটা আগ্রহী। আমরাও সেটা মাথায় রেখেই চ্যাম্পিয়ন হওয়ার জন্য জান লড়িয়ে দেব। টুর্নামেন্টে নিঃসন্দেহে ফেবারিট আমরা। কিন্তু তাই বলে কোরিয়া, চীন, জাপান, মালয়েশিয়াপ বিরুদ্ধে সতর্ক থেকেই খেলতে হবে। আত্মতুষ্টির জায়গা নেই। ’‌

পুল এ-‌তে ভারতের সঙ্গে আছে জাপান, চীন ও কাজাখস্তান। পুল বি-‌তে মালয়েশিয়া, কোরিয়া, বাংলাদেশ ও চাইনিজ তাইপে। নিরাপত্তার দোহাই দিয়ে এশিয়া কাপ থেকে আগেই সরে দাঁড়িয়েছে পাকিস্তান। ২৯ আগস্ট প্রথম ম্যাচে চীনের মুখোমুখি ভারত। ৩১ আগস্ট প্রতিপক্ষ জপান। ১ সেপ্টম্বর গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ কাজাখস্তান। ৩ থেকে ৬ সেপ্টেম্বর নকআউট পর্যায়ের চ্যাম্পিয়নশিপের খেলা। ৭ সেপ্টেম্বর তৃতীয়-‌চতুর্থ স্থানাধিকারী ম্যাচ ও ফাইনাল।

উল্লেখযোগ্য বিষয় হল, রাজগিরের মাঠে অনুষ্ঠেয় এশিয়া কাপ হকির খেলা দেখার জন্য কোনও প্রবেশমূল্য লাগবে না। হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ টিরকে ও সেক্রেটারি জেনারেল ভোলা নাথ সিং জানিয়েছেন, ভারতীয় হকির প্রচার ও প্রসারের স্বার্থে জনসাধারনের সব ম্যাচে অবাধ প্রবেশাধিকার থাকছে। আশা করব, ছাত্র ছাত্রী, ভক্তরা মাঠ ভরিয়ে দিয়ে ভারতীয় দলকে প্রেরণা জোগাবে। এটা শুধু একটা টুর্নামেন্ট নয়, উৎসব বললে ভুল হবে না।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *