Cart Total Items (0)

Cart

All Sports India

ভারত ২(‌ হার্দিক, মনদীপ)‌ কোরিয়া ২(‌জিহুন, কিম)‌

অলস্পোর্ট ডেস্ক: রাজগিরের বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামের মাঠে এশিয়া কাপ হকির সুপার ফোরের ম্যাচে কোরিয়ার বিরুদ্ধে ২-‌২ ড্র করে কিছুটা হলেও স্বস্তিতে থাকল ভারত। রাউন্ড রবিন লিগের অন্য ম্যাচে চীনকে ২-‌০ গোলে হারিয়ে সুবিধাজনক অবস্থায় আছে মালয়েশিয়া। তাই ফাইনালে ওঠার লক্ষ্যে ভারতীয় হকি দলকে পরের ২ ম্যাচে আরও ভাল খেলতে হবে জয় পেতে।

এশিয়া কাপ হকির গ্রুপের শেষ ম্যাচে‌ কাজাখস্তানের বিরুদ্ধে ১৫ গোলে জেতার পর বুধবার রাজগির স্টেডিয়ামের মাঠে সুপার ফোরের ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন কোরিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। প্রবল বৃষ্টির জন্য ম্যাচ শুরু হতে প্রায় এক ঘন্টা দেরি হয়। তবে তার জন্য দু’‌দলের খেলোয়াড়দের স্পিরিট নষ্ট হয়নি। বরং শুরু থেকেই আক্রমণ প্রতিআক্রমণে লড়াই জমে ওঠে।

ভারতীয় দলের খেলায় আক্রমণাত্মক ঝাঁজটা প্রথম ১০ মিনিট ছিল বেশি। হরমনপ্রীত সুখজিত, হার্দিক, অমিত রোহিদাস, অভিষেকরা ওই সময় কোরিয়াকে প্রবলভাবে চেপে ধরেছিলেন। পেনাল্টি কর্নারও পেয়েছিল ভারত। কিন্তু কাজে লাগাতে পারেনি। তবে ৮ মিনিটে ব্যক্তিগত ক্রীড়ানৈপুন্য দেখিয়ে সুখজিতের থেকে বল পেয়ে কোরিয়ার তিন ডিফেন্ডারকে কাটিয়ে গোলকিপারকে হার মানিয়ে দর্শনীয় গোল করে ভারতকে এগিয়ে দেন হার্দিক।

মনে হয়েছিল এরপর ভারত আরও গোল বাড়াতে সক্ষম হবে চাপ ধরে রেখে। কিন্তু হল উল্টোটা। গ্রুপ পর্যায়ে মালয়েশিয়ার কাছে ১-‌৪ গোলে হারের পরের ২ ম্যাচে দারুনভাবে ঘুরে দাঁড়িয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছিল কোরিয়া। সেই জেদ আর জোসটা দেখা গেল এদিন ম্যাচের বাকি অংশে। তার জেরেই ১২ মিনিটে গোল করে সমতা ফেরায় কোরিয়া পেনাল্টি স্ট্রোক কাজে লাগিয়ে। মিন সু চিওনের পুশ ডি-‌এর মাঝে রুখতে গিয়ে কোরিয়া স্ট্রাইকারকে ধাক্কা মেরে বসেন ভারতের যুগরাজ সিং। রেফারেলের মাধ্যমে হকি আম্পায়ার কোরিয়ার পক্ষে পেনাল্টি স্ট্রোক দেন। জিহুন ইয়াং স্ট্রোক থেকে গোল করে সমতা আনেন ম্যাচে।

কোরিয়া ২-‌১ গোলে এগিয়ে যায় ১৪ মিনিটে পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে। ডি-‌এর মাঝে মনদীপের পায়ে বল লাগায় কোরিয়া পেনাল্টি কর্নার পেয়েছিল। হিয়ংহং কিম গোল করেন পেনাল্টি কর্নার থেকে অমিত রোহিদাসের পায়ের ফাঁক দিয়ে শট নিয়ে। দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারের খেলায় সেই লিড কোরিয়া ধরে রাখে। তার জন্য কৃতিত্ব দিতেই হবে কোরিয়া গোলকিপার জিহান কিমকে। তাঁর হার না মানা মনোভাবের কারণে ভারত গোল বাড়াতে পারেনি ওই সময়। সে কারণে ম্যাচের সেরা পুরস্কার পান তিনি। অবশ্য একইসঙ্গে সহজ সুযোগ পেয়েও সুখজিতের গোল করতে না পারাটাও ক্ষমার অযোগ্য অপরাধ। কারণ ম্যাচটা শেষপর্যন্ত হারলে, এই মিসগুলোই কস্টলি হয়ে যেত।

তবে চতুর্থ কোয়ার্টারে ৫২ মনদীপের বাড়ানো বলে স্টিক ছুঁয়ে কোরিয়ার গোলে বল ঠেলে ম্যাচ ২-‌২ ফলে শেষ করেন ভারতের মনদীপ। এতে ভারতের হার ও মান বাঁচে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...