অলস্পোর্ট ডেস্ক: অবিশ্বাস্য শুনতে লাগলেও সত্যি। টোকিও ও প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় হকি দলের গুরুত্বপূর্ণ সদস্য মনপ্রীত সিংকে এফআইএইচ প্রো লিগের সম্ভাব্য দল থেকে বাদ দিয়েছে হকি ইন্ডিয়া। সঙ্গে আরও দুই ভারতীয় হকি খেলোয়াড় দিলপ্রীত সিং ও গোলকিপার কিষাণ বাহাদুর পাঠককেও। এই তিনজনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ রয়েছে ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের সময়। সেকারণেই সম্ভাব্য দলে রাখেননি হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ টিরকে, সেক্রেটারি জেনারেল ভোলানাথ সিং ও চিফ নির্বাচক আরপি সিং।
আসন্ন এফআইএইচ প্রো লিগের জন্য ৩৩ জনের সম্ভাব্য ভারতীয় দলের প্রস্তুতি শিবির চলবে ১-৭ ফেব্রুয়ারি। এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে তিন টেস্ট সিরিজের ম্যাচে ভারতীয় হকি দল ২ টি ম্যাচ হেরেছিল। একটি কোনওরকমে ড্র রাখে। সেসময়ই মনপ্রীত ও তাঁর দুই সতীর্থের বিরুদ্ধে ভারতীয় দলের এক খেলোয়াড়কে ড্রাগ মেশানো চুইয়িং গাম জাতীয় জিনিস খাওয়ানোর অভিযোগ এসেছে। সেই খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ে ড্রাগের প্রভাবে, এবং এতটাই শারীরিক অবস্থা খারাপ হয়, তিনি পরদিন ভারতীয় দলের কোচ ক্রেগ ফুলটনের টিম মিটিংয়ে হাজিরা দিতে পারেননি। এতেই জানাজানি হয় মনপ্রীতদের কুকীর্তি।
তবে হকি ইন্ডিয়ার এনিয়ে খোঁজখবর করে শাস্তিস্বরূপ মনপ্রীতদের প্রো লিগের সম্ভাব্য দল থেকে বাদ দিলেও, কোচ ক্রেগ ফুলটন কোনও অভিযোগ জমা দেননি টিম ম্যানেজমেন্ট বা হকি ইন্ডিয়ার কাছে। বরং এটা উদ্দেশপ্রণোদিত, বিশেষ কারণে মনপ্রীতকে ভারতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে, এটা মনে করে জাতীয় দলের চিফ কোচের পদ থেকে সরে দাঁড়ানো ঠিক করে ফেলেছিলেন ক্রেগ ফুলটন। তাঁর মতে, ভারতীয় দলে সবচেয়ে ফিট চারজন খেলোয়াড়ের মধ্যে পড়েন মনপ্রীত। তাঁকে শুধু প্রো লিগের দলেই নয়, আগস্টে অনুষ্ঠেয় বিশ্বকাপ ও সেপ্টেম্বরের এশিয়ান গেমস দলেও অবশ্যই দরকার, ভাল ফল করতে। মনপ্রীত জুনিয়র খেলোয়াড়দের প্রেরণা ও দৃষ্টান্ত। তাই মনপ্রীতকে বাদ দেওয়াটা অণ্যায়। তাঁকে যেন কোচের পদ থেকে অব্যহতি দেওয়া হয়।
বুঝিয়ে শুনিয়ে ফুলটনকে কোচের পদে থাকতে রাজি করাতে পেরেছেন হকি ইন্ডিয়ার কর্তারা। অনেকের ধারনা, হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ টিরকের এর পিছনে হাত আছে। দিলীপ টিরকের ভারতীয় দলের জার্সি গায়ে ৪১২ ম্যাচ খেলার রেকর্ড রয়েছে। মনপ্রীত সেই রেকর্ড থেকে রয়েছেন মাত্র এক ম্যাচ দূরে। মনপ্রীত যাতে সেই রেকর্ড ভাঙতে না পারেন, তার জন্য দল থেকে বাদ করার ঘৃণ্য চক্রান্তের জাল বিছানো হয়েছে, এমনটাই মনে করেছেন কেউ কেউ। তবে এসব কিছুই অনুমান মাত্র। বরং হকি ইন্ডিয়ার কর্তাদের বক্তব্য, সিনিয়ররা শৃঙ্খলা ভাঙলে জুনিয়ররা বা নবীন প্রজন্মের খেলোয়াড়রা কী শিখবে? বরং এসব ছাড় দিলে গোটা দলের শৃঙ্খলা নষ্ট হবে।
ভারতীয় দলের প্রো লিগের খেলা চলবে ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি রাউরকেল্লায়। ১১ তারিখ বেলজিয়ামের বিরুদ্ধে, পরদিন ১২ তারিখে প্রতিপক্ষ আর্জেন্টিনা। হরমনপ্রীতের নেতৃত্বে ভারতীয় দল ফিরতি দফায় বেলজিয়ামের মুখোমুখি হবে ১৪ ফেব্রুয়ারি, আর্জেন্টিনার বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারি। এরপর ভারতীয় হকি দল হোবার্ট উড়ে যাবে স্পেনের(২১ ও ২৪ ফেব্রুয়ারি) বিরুদ্ধে খেলতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ম্যাচ ২২ ও ২৫ ফেব্রুয়ারি। প্রো লিগের ইওরোপিয়ান লেগের টুর্নামেন্ট হবে জুনে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
