মহিলা কবাডি দল
অলস্পোর্ট ডেস্ক: ‘ইসবার ১০০ পার’, ট্যাগলাইন সত্যি হল। রেকর্ড ইতিহাসের সাক্ষী থাকল গোটা দেশ। এশিয়ান গেমস ২০২৩ হ্যাংঝৌতে পদকের সেঞ্চুরি করল ভারত। মহিলা কবাডি দলের হাত ধরে ভারতের ঘরে এল ১০০তম পদক। শুধু পদক বললে খানিক ভুল বলা হবে, ১০০ নম্বর পদকটি রীতিমতোন স্বর্ণপদক হল ভারতের জন্য। এখনও আরও পদক আসতে চলেছে ভারতের ঝুলিতে।
শনিবার সকালটা ‘শুভসকাল’ ভারতের কাছে। একের পর এক পদক এসেই চলেছে। প্রথমে তীরন্দাজিতে চারটি পদক নিশ্চিত করল দেশ। তারপরই মহিলাদের কবাডি ফাইনালে দেশের মেয়েরা সাফল্য পেল। চাইনিজ তাইপেইকে ফাইনালে ২৬-২৫ গেমে হারাল ভারতীয় দল।
ম্যাচের শুরুতে ভারত ১৪-৯ পয়েন্টে এগিয়ে ছিল। পূজার একটি সুপার রেইডের জন্যে হাফটাইমে ভারত পাঁচ পয়েন্টের লিড পায়। দ্বিতীয়ার্ধে তাইপেইয়ের মেয়েরা সমানে টক্কর দেয় ভারতের মেয়েদের। দ্বিতীয়ার্ধে তাইপেই বেশি পয়েন্ট আনলেও, প্রথমার্ধে ভারত এগিয়ে থাকার ফলে ম্যাচ জিতে নেয় তারাই।
এদিন ফাইনালে চাইনিজ তাইপেইকে হারানোর পরে চোখের জল ধরে রাখতে পারেনি ভারতীয় মহিলা কবাডি দল। একে অপরকে জনিয়ে ধরে দেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেন তারা।
ম্যাচ শেষে অধিনায়ক রিতু নেগি বলেন, ‘‘২০১৮ এশিয়ান গেমসে সোনা হারানোর পর আমরা সত্যিই কঠোর পরিশ্রম করেছি। আমরা পাঁচ বছর অপেক্ষা করেছিলাম। আমাদের সেই কঠোর পরিশ্রমের ফল পেয়েছি আমরা।”
মহিলাদের কবাডিতে এটি ভারতের তৃতীয় সোনা ছিল। ভারত ২০১০ এবং ২০১৪ সংস্করণে সোনা জিতেছিল কিন্তু ২০১৮-তে ফাইনালে ইরানের কাছে হেরে রুপো জিতেছিল।
আজ পুরুষদের কবাডি ইভেন্টেরও ফাইনাল ম্যাচ আছে। সেইসঙ্গে রুতুরাজের অভিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল ফাইনাল ম্যাচ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। ফলে সেখান থেকেও কিছু পদক ভারত পেয়ে যাবে আশা করা হচ্ছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
