অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস ২০২৩ হকির ফাইনালে জাপানকে ৫-১ গোলে হারিয়ে সোনা জিতে নিল ভারতীয় পুরুষ হকি দল। আর এই জয়ের সঙ্গেই প্যারিস অলিম্পিকে খেলার জন্য সরাসরি যোগ্যতা অর্জন করে নিল ভারত। সঙ্গে ২০১৪-র পর আবার সোনা জিতল ভারত। এদিন প্রথম থেকেই ম্যাচের দখল নিজেদের কাছে রেখেছিলেন অধিনায়ক হরমনপ্রীতরা। এক গোল হজম করা ছাড়া জাপানকে আর কোনওভাবেই সুযোগ দেয়নি ভারত। এবার গেমসের শুরু থেকেই নিজেদের দাপট দেখিয়েছে ভারত। বড় বড় ব্যবধানে জিতেই ফাইনালে পৌঁছেছিল ভারত। তাই ধরেই নেওয়া হয়েছিল সোনা জয় শুধু সময়ের অপেক্ষা। তবে লড়াই দিতে হল ভারতকে।
গতবারের চ্যাম্পিয়নদের মাত দিল ভারতীয় হকি দল। জাপানকে হারিয়ে ভারত সরাসরি ২০২৪ প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করল। জোড়া গোল করলেন অধিনায়ক হরমনপ্রীত সিং। আর বাকিগুলি করেন মনপ্রীত, অমিত রোহিদাস এবং অভিষেক। এশিয়াডে এই নিয়ে ২২টি সোনা এল ভারতের ঘরে।
এদিন প্রথম থেকেই ভারত এগিয়ে ছিল ম্যাচে। প্রথম কোয়ার্টারে ৩-০ গোলে এগিয়ে যায় ভারত। তখনও গোলের খাতা খুলতে পারেনি জাপান। তবে জাপানও অনেক সংগঠিত হয়ে খেলতে নেমেছিল। জাপানের দুর্দান্ত রক্ষণের মাঝে ভারতকে বারবার হোঁচট খেতে হচ্ছিল। অবশ্য শেষ হাসি হাসে ভারতই।
প্রথমার্ধের একদম শেষ দিকে একটি পেনাল্টি কর্ণার পায় ভারত। কিন্তু জাপানের গোলকিপার সেটি বাঁচিয়ে দেন। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই আবার একটি পেনাল্টি কর্ণার পেলেও, সেটা কাজে লাগাতে ব্যর্থ হন তাঁরা। অবশেষে, ২৫ মিনিটের মাথায় রিভার্স হিটে প্রথম গোল করেন মনপ্রীত। প্রথমে মনদীপের এই গোল নিয়ে বিতর্ক তৈরি হলেও পরে আম্পায়ার খতিয়ে দেখে তা বৈধ ঘোষণা করে দেন।
তৃতীয় কোয়ার্টারের শুরুতেই আবার একটি পেনাল্টি কর্ণার আদায় করে ভারত। আবারও গোল করতে ব্যর্থ হয় তারা। দ্বিতীয়বার আবার সেই সুযোগ এলে এইবার আর সেই সুযোগ ছাড়েনি অধিনায়ক হরমনপ্রীত। হরমনপ্রীতের ড্র্যাগ ফ্লিক আটকাতে পারেনি জাপান দল। তার পরপরই অমিত রোহিদাস গোল করেন। এক কোয়ার্টার থেকে পরপর দু’টি গোল আসে ভারতের।
চতুর্থ কোয়ার্টারে অভিষেকের স্টিকে আবার গোল আসে। এই কোয়ার্টারেই একটি মাত্র গোল শোধ করতে সক্ষম হয় জাপান। ম্যাচ শেষ হওয়ার ৪১ সেকেন্ড আগে হরমনপ্রীত নিজের দ্বিতীয় গোল করেন। ম্যাচ শেষ হয় ভারতীয় হকি দলের জয়ধ্বনি দিয়ে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
