দ্যুতি চাঁদ
অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্ট সমকামী বিবাহের উপর রায় ঘোষণা করেছে। যেখানে তারা সমকামী দম্পতিদের মধ্যে কোনওরকম বৈধ বৈবাহিক সম্পর্কে নিষেধাজ্ঞা জারি করেছে এবং সন্তান দত্তক নেওয়ার অধিকার থেকেও বঞ্চিত করেছে তাদের। অনেক সমকামী দম্পতি শীর্ষ আদালতের রায়ের অপেক্ষায় ছিলেন এদিন। ভারতীয় ক্রীড়াবিদ দ্যুতি চাঁদও তাদের মধ্যেই একজন। দ্যুতি অবশ্য এই রায়ে সন্তুষ্ট হননি, জানিয়েছেন যে তিনি সমকামীদের বিবাহ আইনী করার জন্য সংসদের আইন পাসের উপর আস্থা রাখবেন।
‘‘আমি আমার সঙ্গী মোনালিসাকে বিয়ে করার পরিকল্পনায় ছিলাম। কিন্তু শীর্ষ আদালতের এই সিদ্ধান্তে সব পরিকল্পনা ভেস্তে গিয়েছে। আমি মোনালিসার সঙ্গে পাঁচ বছর ধরে রয়েছি। আমরা একসঙ্গে সুখী এবং প্রাপ্তবয়স্ক হিসেবে আমাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আশা করি পার্লামেন্ট আমাদের কথা ভাববে এবং সমকামী বিবাহতে অনুমতি দিয়ে একটি আইন পাস করবে,” এদিন একটি সংবাদপত্রকে বলেছেন দ্যুতি।
‘‘আমরা কাউকে আমাদের সঙ্গে সম্পর্কের জন্য জোর করি না। আমরা আমাদের পছন্দ অনুযায়ীই সম্পর্কে জড়াই। আমি মনে করি, আমাদেরও নিজেদের পছন্দ অনুযায়ী জীবন যাপন করার অধিকার দেওয়া উচিত। কেন আমরা সাধারণ জীবনযাপন করতে পারি না? অনেক দেশেই সমকামী বিবাহকে স্বীকৃতি দিয়েছে, ভারতে এটাকে বৈধ করতে সমস্যা কী? সমকামী মানুষদের যদি ভোট দেওয়ার অধিকার থাকে তবে তাদের সাচ্ছন্দ অনুযায়ী বিয়ে করারও অধিকার থাকা উচিত,’’ জোর দিয়ে বলেন দ্যুতি।
তবে দ্যুতি আংশিকভাবে আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সেমন আদালত যে সমকামী দম্পতিদের ঘর দেওয়ার কথা বলেছে সেই বিষয়ে।
তিনি বলেন, ‘‘আমি উচ্চ আদালতকে স্বাগত জানাই সাধারণ সমকামী মানুষদের অধিকার রক্ষায় মান্যতা দেওয়ার জন্য ও সংবেদনশীল হওয়ার জন্য এবং সমকামী দম্পতিদের জন্য নিরাপদ ঘর দেওয়ার সিদ্ধান্তকেও।’’
দ্যুতি আশা রাখছেন সংসদের উপরেই। কারণ সুপ্রিম কোর্ট সমকামীদের দাবির মান্যতা দিয়েছে কিন্তু তা আইনে পরিণত করার সিদ্ধান্ত সংসদের।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
