অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস ২০২৩-এ সেমিফাইনালে পৌঁছবার লড়াইয়ে এদিন বাংলাদেশকে মাত দিল ভারতীয় পুরুষ হকি দল। গ্রুপ ‘এ’পর্বে বাংলাদেশকে ১২-০ ব্যবধানে পরাজিত করল ভারত। অধিনায়ক হরমনপ্রীত সিং (২, ৪ এবং ৩২ মিনিটে) এবং মনদীপ সিং (১৮,২৪ এবং ৪৬ মিনিটে) হ্যাটট্রিক করেন। বর্তমানে ভারত গ্রুপ পর্বের শীর্ষে রয়েছে এবং এরপর বুধবার সেমিফাইনালের জন্য লড়বেন তারা। আজকের ম্যাচের পর হকিতে ভারতের সোনা জয়ের আশা ক্রমশ বাড়ছে।
বাংলাদেশের বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখায় ভারত। ম্যাচের দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার পায় ভারত। সেখান থেকে গোল করেন হরমনপ্রীত। তার ঠিক দু’মিনিট পরেই আবার পেনাল্টি কর্নার থেকে গোল করেন ভারত অধিনায়ক। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথম কোয়ার্টার শেষ করে ভারত।
দ্বিতীয় কোয়ার্টারে মনদীপ ও ললিত ম্যাচে লিড নেন। ১৮ মিনিটের মাথায় ফের পেনাল্টি কর্নার পায় ভারত। হরমনপ্রীত শট নেওয়ার চেষ্টা করেন কিন্তু তাঁর ফ্লিককে বাংলাদেশের গোলরক্ষক মহম্মদ নয়ন আটকে দেন। তবে ফিরতি বলে গোল করেন মনদীপ। তারপরই, ২৩ মিনিটে ফিল্ড প্লে থেকে গোল করেন ললিত উপাধ্যায়। পরের মিনিটেই পঞ্চমতম গোলটি করেন মনদীপ। ২৮ মিনিটের মাথায় আরও একটি গোল করেন অমিত রোহিদাস। ৬-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ভারত।
তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন হরমনপ্রীত। গোটা ম্যাচ জুড়ে বাংলাদেশের পারফর্মেন্স হতাশাজনক ছিল। কোনও ভাল সুযোগ তৈরি করতে পারেনি তাঁরা গোল করার মতো। একা ভারতেরই দাপট চলে ম্যাচে। ৪১ মিনিটে একটি দুর্দান্ত গোল করেন অভিষেক। বল নিয়ে বাঁদিক থেকে উঠে বিপরীত শটে গোল করেন তিনি। ৮-০ গোলে শেষ হয় তৃতীয় কোয়ার্টার।
চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশকে চাপে ফেলে দেয় ভারত। মনদীপ ও অভিষেকের জুটি একত্রিত হয়ে ভারতকে নবম গোল এনে দেয়। তিন মিনিট পরেই গোল করেন নীলকান্ত শর্মা। ভারতের দুই খেলোয়াড় হরমনপ্রীত ও মনদীপ নিজেদের হ্যাটট্রিক সম্পন্ন করেন। ১০-০-তে এগিয়ে যায় ভারত। তখনও ১২ মিনিট খেলা বাকি ছিল। ফলে আরও গোলের সম্ভাবনা ছিলই। এরই মধ্যে আরও দু’টি পেনাল্টি কর্নার পায় ভারত, তবে প্রাণপণে সেই শটগুলিকে রক্ষণ করে বাংলাদেশ। তাতেও অবশ্য কোনও ফল পায়নি তাঁরা। ম্যাচের শেষ পাঁচ মিনিটে অভিষেক ও গুরজন্ত পরপর দু’টি গোল করে ভারতকে ১২-০ গোলে জিততে সাহায্য করেন। কোনও গোল না করে এশিয়ান গেমস থেকে বিদায় নিতে হল বাংলাদেশকে।
এশিয়ান গেমসে ভারতীয় হকি দল দারুণ ছন্দে রয়েছে। এখনও কোনও ম্যাচ হারেনি ভারত। জাপানকে ৪-২, উজকেকিস্তানকে ১৬-০ এবং সিঙ্গাপুরকে ১৬-১ ও পাকিস্তানকে ১০-২ গোলে পরাজিত করার পর এদিন বাংলাদেশকে ১২ গোল দিল ভারত।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
