Cart Total Items (0)

Cart

All Sports
এশিয়ান গেমস ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: সামনে লক্ষ্য প্যারিস অলিম্পিক। তাঁর আগে র‍্যাঙ্কিংয়ের শেষে থাকা উজবেকিস্তানের বিরুদ্ধে রবিবার বড় জয় দিয়ে এশিয়ান গেমস ২০২৩-এ নিজেদের সফর শুরু করতে চায় ভারতীয় হকি দল। বিশ্বে তৃতীয় এবং এশিয়ার প্রথমসারির দল হিসেবে হরমনপ্রীতের দল যদি এশিয়ান গেমসে ভাল ফল না করে তবে তা খুবই হতাশাজনক হবে। শেষ এশিয়ান গেমসে ব্রোঞ্জ নিয়ে ফিরতে হয়েছিল ভারতীয় হকি দলকে। এবার তাঁদের লক্ষ্য থাকছে শীর্ষ স্থানের দিকে। বর্তমানে দলের যে ফর্ম রয়েছে তাতে অবশ্যই তাঁরা সোনা জেতার দাবীদার।

টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পর, অনেক খারাপ, ভাল সময়ের মধ্যে দিয়ে গিয়েছে এই দল। এই বছর ঘরের মাঠে বিশ্বকাপে হতাশাজনকভাবে হেরে যায় ভারত। তারপর তাঁদের অস্ট্রেলিয়ান প্রধান কোচ গ্রাহাম রিডকে সরিয়ে দেওয়া হয়।  কিন্তু আটবারের অলিম্পিক চ্যাম্পিয়নরা গত মাসে চেন্নাইয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের জন্য নতুন প্রধান কোচ ক্রেইগ ফুলটনের অধীনে শক্তিশালী হয়ে ফিরে এসেছে, যা তাদের বিশ্ব র‍্যাঙ্কিং তিনে নিয়ে গিয়েছে।

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়ান গেমসের প্রস্তুতি ছিল কারণ মহাদেশের সমস্ত শীর্ষ দল এই ইভেন্টে অংশ নিয়েছিল এবং ভারত সেই টুর্নামেন্টে জিতেই শেষ করে। তাই তাঁদের থেকে সবার প্রত্যাশা অনেকটাই বেশি। এবং সেটা দলের কোচ ফুলটনও জানেন।

তবে তিনি তার লক্ষ্যে পরিষ্কার। তাঁর লক্ষ্য এশিয়ার এক নম্বর দল হওয়া এবং পরের বছর প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করা। যা তাদের মেগা-ইভেন্টের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দেবে।  “আমি চাই ভারত এশিয়ার এক নম্বর দল হোক। আমাদের জানতে হবে আমরা কোথায় আছি, কোথায় আমাদের উন্নতি করতে হবে এবং শেষ পর্যন্ত আমরা এশিয়ান গেমসের মাধ্যমে প্যারিসের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করতে চাই, এটাই বাস্তবসম্মত এবং চূড়ান্ত লক্ষ্য,” ফুলটন বলেন।

এশিয়ান গেমসে হরমনপ্রীত সিং-এর নেতৃতে ১৮ জনের শক্তিশালী দল রয়েছে ভারতের। হরমনপ্রীত ছাড়াও দলে সঞ্জয়, বরুন কুমার এবং অমিত রুহিদাসের মত বিশ্বমানের ড্র্যাগ-ফ্লিকার রয়েছেন।

মিডফিল্ডের নেতৃত্ব দেবেন অলিম্পিক ব্রোঞ্জ পদকজয়ী প্রাক্তন অধিনায়ক মনপ্রীত সিং, বর্তমান সহ-অধিনায়ক হার্দিক সিং এবং তরুণ বিবেক সাগর প্রসাদ। অন্যদিকে  শমসের সিং, মনদীপ সিং, গুরজন্ত সিং, ললিত কুমার উপাধ্যায়, অভিষেক ও সুখজিৎ সিং-এর মতো শক্তিশালী, আক্রমণাত্মক ফরোয়ার্ডলাইন থাকবে।

ভারতীয় হকি দল এশিয়ান গেমসে তিনবার সোনা জিতেছে। পাকিস্তান(৪) এবং কোরিয়া(৪) ভারতের থেকে বেশি সোনা জিতেছে।

ভারত ও উজবেকিস্তান ছাড়া, পুল এ-এর অন্যান্য দলগুলি হল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, সিঙ্গাপুর, জাপান এবং বাংলাদেশ এবং পুল বি-তে রয়েছে কোরিয়া, মালয়েশিয়া, চিন, ওমান, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া।

আগামী ২৬ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে ভারত। তারপর ৩০ সেপ্টেম্বর পাকিস্তান এবং ২ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ আছে ভারতের।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *