Cart Total Items (0)

Cart

All Sports
সাইনা নেহওয়াল

অলস্পোর্ট ডেস্ক: বিডব্লুএফ সার্কিটে ভারতীয় মহিলা শাটলারদের পারফর্মান্স খুবই করুণ। কোনও ইভেন্টেই ভাল খেলতে পারছেন না তারা। যার সবচেয়ে বড় উদাহরণ তারকা শাটলার পিভি সিন্ধু। যিনি এই বছরে ১৫টি টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন কিন্তু কোনোটিতেই দ্বিতীয় রাউন্ডের বেশি টিকতে পারেননি। সেই জায়গায় শেষ একবছর ধরে ভারতীয় পুরুষ শাটলাররা অনেকটা বেশি সফল। তাদের রেকর্ড-ব্রেকিং পারফর্মান্স আছে খেলায়। তবে এদিন তারকা শাটলার সাইনা নেহওয়াল একটি ইন্টারভিউতে মহিলা শাটলারদের পক্ষে দাঁড়ালেন। তাদের সমর্থন করে তিনি জানালেন শক্তিশালী চিনা শাটলারদেরও ধারাবাহিকতা নেই খেলায়। তবে এই দুর্দশা খুব শীঘ্রই কেটে যাবে বলে আশাবাদী তিনি।

তিনি একটি ই‌ন্টারভিউতে বলেন, ‘‘প্রতি বছর এক রকম যায়না। খেলায় মাঝে মাঝে চড়াই-উতরাই থাকেই। আপনি চীনের মহিলা খেলোয়াড়দেরই দেখে নিন, সাম্প্রতিক সময়ে তাদের পারফর্ম্যান্সও খুব একটা ভালো নয়। কোরিয়ান শাটলার তাই তুজু ইং এবং অন্যান্য খেলোয়াড়রা যেভাবে পারফর্ম করছে তাঁরা সেভাবে পারফর্ম করতে পারছে না।’’

তারপরই তিনি মহিলা শাটলারদের পক্ষে কথা বলেন। সাইনা বলেন, ‘‘আমাদের মহিলাদের পারফর্ম্যান্স সমান্য পড়েছে ঠিকই, তবে আমি নিশ্চিত, ভবিষ্যতে আমরা খুব শীঘ্রই ভাল ফলাফল অর্জন করব।’’

ভারতীয় মহিলা শাটলার দল সদ্য আয়োজিত হ্যাংঝৌ এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিল। ব্যক্তিগত বিভাগ থেকেও আসেনি কোনও পদক। তবে পুরুষ শাটলাররা এই ইভেন্টে সবচেয়ে সফল ছিলেন। ব্যক্তিগত বিভাগে এইচ এস প্রণয় ব্রোঞ্জ জিতে নিয়েছিলেন এবং পুরুষদের ডাবলসে বিডব্লুএফ বিশ্বর‍্যাঙ্কিংয়ের বর্তমান শীর্ষ জুটি সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি সোনার পদক নিয়ে ফিরেছেন দেশে।

সাইনা নেহওয়াল পুরুষ শাটলারদের ভাল পারফর্ম্যান্সের কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘‘গেমসের ফলাফল যথেষ্ট ভাল হয়েছে, গত দশ বছরে ব্যাডমিন্টন অনেক সাফল্য লাভ করেছে। মানুষের মধ্যে আস্থা আছে, শাটলারদের মধ্যে আত্মবিশ্বাস আছে শীর্ষ পর্যায়ে ভাল ফলাফল করার মতোন। এখন, আমরা থমাস কাপ এবং এশিয়ান গেমসেও স্বর্ণপদক জিতেছি। ব্যাডমিন্টনে উন্নতি খুব দ্রুত চোখে পড়ছে। আমাদের বর্তমান খেলোয়াড়রা খুব ভাল খেলছে এবং অনেক উদীয়মান শাটলাররাও আসছে, আমি নিশ্চিত, ব্যাডমিন্টনে দেশের ভবিষ্যত খুব ভাল হতে চলেছে।’’

হাঁটুর চোটে জর্জরিত সাইনা নিজেও এইবছর কোনও টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডের বেশি এগাতে পারেননি। জুনের পর থেকে তিনি কোনও টুর্নামেন্টে খেলেননি। কিন্তু জোর দিয়ে সাইনা বলেন, তার মানে এই নয় যে তিনি অবসর নেওয়ার কথা ভাবছেন।

‘‘আমি এখনও অবসরের কথা ভাবিনি। হাঁটুতে একটু সমস্যা আছে, আমার ফোকাস সেদিকেই। এটা ঠিক হয়ে গেলে, আমি আমার খেলায় আরও বেশি পরিশ্রম করতে পারব। আমি বহু বছর ধরে ব্যাডমিন্টন খেলছি। এই খেলাটি খুব ভাললাগার জায়গা আমার। দেখা যাক আমি আরও কত বছর খেলতে পারি,’’ বিশ্বর‍্যাঙ্কিংয়ে ৫৫তম স্থানাধীকারি সাইনা এদিন বলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *