অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস ২০২৩, হ্যাংঝৌ সংস্করণ ভারতের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে আজীবন। শুধুমাত্র প্রথমবার ১০৭টি পদক জেতার জন্য নয়। বরং, এমন কিছু বিশেষ প্রতিযোগিতায় অংশ নেওয়ায় জন্য, যেগুলোতে হয়ত এর আগে কখনও ভারত প্রতিযোগী হয়নি। কিংবা, প্রতিযোগী হতে পারলেও পদক এসেছে এই প্রথমবার। নিন্মে সেইরকম কিছু বিশেষ ইভেন্টগুলিতে ভারতের কৃতিত্বগুলি বর্ণণা করা হল…
অ্যাথলেটিক্স-
অবিনাশ সাবলে (৩০০০ মিটার স্টিপলচেস): সাবলে প্রথম ভারতীয় যিনি গেমসে ৩০০০ মিটার স্টিপলচেসে স্বর্ণপদক জিতে নিয়েছেন। ২৯ বছর বয়সী জাতীয় রেকর্ডধারী সাবলে স্টিপলচেসে ভারতকে প্রথম সোনা দিয়েছেন। তিনি ৮:১৯.৫০ সেকেন্ডে প্রতিযোগিতা সম্পূর্ণ করেছিলেন। কেবল শুধু তাই নয়, গেমসে এর আগে এত কম সময়ে কেউ খেলাটি শেষ করতে পারেনি, ফলে তিনি এখানেও নতুন রেকর্ড গড়ে গোটা ভারতে নজির গড়েছেন।
পারুল চৌধুরী (৫০০০ মিটার দৌড়): পারুল ভারতীয় মহিলাদের মধ্যে একজন অন্যতম নাম হয়ে উঠেছেন বর্তমানে। কারণ এর আগে কোনও ভারতীয় ৫০০০ মিটার দৌড়ে সোনা জিততে পারেনি, যেটা পারুল করে দেখিয়েছেন। সঙ্গে তিনি ৩০০০ মিটার স্টিপলচেসেও একটি রুপো নিয়ে বাড়ি ফিরেছেন।
অন্নু রানী (জ্যাভেলিন): অন্নুর এখন আর এক নাম মহিলাদের নীরজ চোপড়া। এই অ্যাথলিট গেমসে তাঁর সেরা পারফরম্যান্স দেখিয়ে মহিলাদের জ্যাভলিন থ্রোতে ৬২.৯২ মিটার জ্যাভেলিন ছুঁড়ে শীর্ষ সোনার পদক ছিনিয়ে নিয়েছেন এবং তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি জ্যাভেলিনে এই কৃতিত্ব অর্জন করলেন৷ এটি অন্নুর দ্বিতীয় এশিয়ান গেমস পদক কারণ তিনি ২০১৪-র সংস্করণে গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন।
ব্যাডমিন্টন-
এইচএস প্রণয়, এবং সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি, দীর্ঘ ৪১ বছর পর ভারতের প্রথম পুরুষদের সিঙ্গলস এবং ডাবলসে পদক জয় করেছে। একমাত্র ১৯৮২-তে সৈয়দ মোদী সিঙ্গলসে ব্রোঞ্জ পদক এবং লেরয় ডি’সা ও প্রদীপ গান্ধের ডাবলস জুটি ব্রোঞ্জ জিতেছিলেন গেমসে। তারপর এই দ্বিতীয়বারের জন্য ভারত ব্যাডমিন্টনে সাফল্য পেল। এশিয়ান গেমস ২০২৩-এ ভারতের হয়ে প্রথম সোনা আনলেন সাত্ত্বিক-চিরাগ জুটি।
টেবিল টেনিস-
ভারতীয় জুটি সুতীর্থা মুখার্জি এবং আয়হিকা মুখার্জি উত্তর কোরিয়ার কাছে কঠিন লড়াইয়ে মহিলা ডাবলসের সেমিফাইনালে হেরে যাওয়ার পরেও ঐতিহাসিকভাবে তারা ব্রোঞ্জ পদক জেতেন৷ ভারতীয় জুটি কোয়ার্টার ফাইনালে চীনা জুটি মেং চেন এবং ইদি ওয়াংকে পরাজিত করার পরে এই পদকটি পেয়েছিলেন। ২০১৮-তে ভারতীয় পুরুষ দল এবং মিক্সড ডাবলস দল ব্রোঞ্জ জিতেছিল। তবে মেয়েরা এই প্রথমবার এই ইভেন্টে ইতিহাস তৈরি করল।
শুটিং-
মনীষা কীর, রাজেশ্বরী কুমারী এবং প্রীতি রাজাকের মিলিত দল সর্বপ্রথম ভারতীয় দল যারা মহিলাদের স্কিটে ভারতকে এশিয়ান গেমসে রুপোর পদক এনে দিয়েছেন।
অনন্তজিৎ সিং নারুকাও পুরুষদের স্কিটের ব্যক্তিগত ইভেন্টে দেশের প্রথম রুপো জিতে ভারতীয় ক্রীড়ার ইতিহাসে তাঁর নাম উজ্জ্বল করেছেন।
তরুণ সিফ্ট কৌর সামরা মহিলাদের ৫০ মিটার থ্রি রাইফেল পজিশন ইভেন্টে সোনার পদক নিয়ে দেশে ফিরেছেন। ভারতের এই ইভেন্টে এটি প্রথম অংশগ্রহণ ছিল। আর প্রথম গেমেই সোনা জিতে বিশ্ব রেকর্ড গড়লেন সামরা।
ক্যানোয়িং-
ভারতের অর্জুন সিং এবং সুনীল সিং সালাম পুরুষদের ক্যানোয়িং ডাবলসের ১০০০ মিটার ইভেন্টে একটি ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জিতেছেন। এশিয়ান গেমসে এই ইভেন্টে এটি দেশের দ্বিতীয় পদক ছিল। ১৯৯৪, হিরোশিমা সংস্করণে, সিজি সদানন্দন এবং জনি রোমেল একই ইভেন্টে প্রথম ব্রোঞ্জ জিতেছিলেন।
তীরন্দাজি-
১৩ বছরের অপেক্ষার পর তীরন্দাজিতে এবছর সবচেয়ে ভাল ফল হয় ভারতীয়দের। ভারতীয় ছেলে-মেয়েরা এই খেলায় পরপর পদক পকেট করেছেন। পুরুষ এবং মহিলা উভয় রিকার্ভ দলগুলি যথাক্রমে রুপো এবং ব্রোঞ্জ জয় করে নেন। ২০১০ গুয়াংজু এশিয়ান গেমসের পর এটি ভারতের দ্বিতীয়বারের সাফল্য।
অঙ্কিতা ভগত, সিমরনজিৎ কৌর এবং ভজন কৌরের মহিলা রিকার্ভ দল ভিয়েতনামকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছিল।
অতনু দাস, তুষার শেল্কে এবং ধীরজ বোম্মাদেভরার পুরুষ দল ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে রৌপ্য পদক নিয়ে ফিরে এসেছেন।
অশ্বারোহী-
সুদীপ্তি হাজেলা, দিব্যকৃতি সিং, হৃদয় চেদা এবং আনুশ আগরওয়ালের কোয়ার্টেট এশিয়ান গেমসে ভারতের প্রথম ড্রেসেজ টিম সোনা জিতেছে। এটি ছিল ৪১ বছর পর ভারতের প্রথম অশ্বারোহীতে পদক। নয়াদিল্লিতে ১৯৮২ সংস্করণে, ভারতীয় দল তিনটি স্বর্ণপদক দখল করেছিল এই ইভেন্টে।
সেইলিং-
নাবিক বিষ্ণু সর্বানন গেমসে পুরুষদের ডিঙ্গি আইএলসিএ-৭ ইভেন্টে ব্রোঞ্জ জিতে ভারতকে এই ইভেন্টে সর্বপ্রথম পদক এনে দেন।
সেপাকটাকরো-
মহিলাদের সেপাকটাকরে রেগু দল ব্রোঞ্জ জিতে ভারতকে তাদের প্রথম পদক দিয়েছে।
গল্ফ-
অলিম্পিয়ান অদিতি অশোক গেমসে রৌপ্য পদক জিতে, গল্ফে প্রথম ভারতীয় মহিলা পদক বিজয়ী হয়েছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
