অলস্পোর্ট ডেস্ক: ভারতের কিদাম্বি শ্রীকান্ত প্রথম রাউন্ডেই সরাসরি গেমে হেরে সৈয়দ মোদী ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রথম দিনই ছিটকে গেলেন। কিন্তু তরুণ উন্নতি হুডা বুধবার সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিতে স্বদেশী আকার্শি কাশ্যপকে হারিয়ে দেন। প্রাক্তন বিশ্ব নম্বর এক শ্রীকান্ত, ২০২১ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের রৌপ্যপদক বিজয়ী, কোরিয়ার চিয়া হাও লির কাছে ২১-২৩, ৮-২১-এ হেরে যান। এই মরসুমে আন্তর্জাতিক সার্কিটে তাঁর শোচনীয় দৌড় অব্যাহত রাখলেন।
১৬ বছর বয়সী উন্নতি, যাকে মহিলাদের এককদের মধ্যে অন্যতম সেরা প্রতিভা হিসাবে চিহ্নিত করা হয় তিনি রাউন্ড অব ৩২-এ ৭৭ মিনিটের লড়াইয়ে কাশ্যপকে ১৫-২১, ২১-১৯, ২১-১৮-এ হারিয়ে দেন বিডব্লুএফ সুপার ৩০০ টুর্নামেন্টে। রোহতকের এই তরুণ শাটলার পরবর্তীতে জাপানের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন নোজোমি ওকুহারার মুখোমুখি হবেন, যিনি অন্য ম্যাচে ভারতীয় মালবিকা বনসোদকে ১৮-২১, ২১-১৭, ২১-১০-এ পরাজিত করেন।
অনুপমা উপাধ্যায়, অস্মিতা চালিহাও মহিলাদের একক বিভাগে এগিয়েছেন। অনুপমা যেখানে ডেনমার্কের আমালি শুলজকে ১৪-২১, ২১-১৫, ২১-৯- হারান, সেখানে অস্মিতা অন্য ম্যাচে ইউক্রেনের পোলিনা বুহরোভাকে ২১-১৫, ২১-১৫-তে পরাজিত করেন। পুরুষদের একক প্রতিযোগিতায়, অরলিন্স মাস্টার্স বিজয়ী প্রিয়াংশু রাজাওয়াত, ডেনমার্ক মাস্টার্স বিজয়ী কিরণ জর্জ এবং সতীশ কুমার করুণাকরণ পুরুষদের একক প্রতিযোগিতায় দুর্দান্ত জয়ের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছেন।
প্রিয়াংশু কাজাখস্তানের দিমিত্রি প্যানারিনকে ২১-১৭, ২১-১৯-এ হারিয়েছেন, যেখানে কিরণ জর্জ চিরাগ সেনকে (লক্ষ্য সেনের ভাই) পরাজিত করেছেন ২১-১৬, ১৪-২১, ২১-১৩-তে এবং সতীশ চাইনিজ তাইপের হুয়াং ইউ কাইকে হারিয়েছেন। প্রিয়াংশু একটি সর্বভারতীয় সংঘর্ষে সতীশের মুখোমুখি হবে, যখন কিরণ চিয়ার সঙ্গে খেলবেন। সমীর ভার্মা অবশ্য চাইনিজ তাইপের ওয়াং জু ওয়েইয়ের কাছে ৯-২১, ২১-১৭, ১৭-২১-তে হেরে যান।
ডাবলসে, অশ্বিনী পোনপ্পা এবং তানিশা ক্র্যাস্টো প্রথম রাউন্ডে স্বদেশী সমৃদ্ধি সিং এবং সোনালি সিংকে ২১-৮, ২১-৯ ব্যবধানে হারিয়ে দেন। রাউন্ড অফ ১৬-তে তাদের মুখোমুখি হবে আর একটি সর্বভারতীয় জুটি — রুতাপর্ণা পান্ডা এবং স্বেতাপর্ণা পান্ডা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
