সুমিত অন্তিল
অলস্পোর্ট ডেস্ক: চতুর্থ চলমান প্যারা এশিয়ান গেমস-এর তৃতীয় দিনে দাপট দেখালেন ভারতীয় জ্যাভলাররা। পুরুষদের জ্যাভলিন থ্রো-এফ৬৪ ফাইনালে সুমিত অন্তিল সোনা জেতালেন ভারতকে। সুমিত ৭৩.২৯ মিটার থ্রো করে প্যারা গেমসের রেকর্ড, বিশ্ব রেকর্ড এবং এশিয়ান রেকর্ড একসঙ্গে ভেঙেছেন। এদিন ইভেন্টের তৃতীয় প্রচেষ্টায় তিনি এই লক্ষ্যে পৌঁছেছেন এবং স্বর্ণপদক ছিনিয়ে নিয়েছেন। এছাড়া ভারতের আরও এক জ্যাভেলার পুষ্পেন্দ্র সিং এদিন ৬২.০৬ মিটার জ্যাভেলিন ছুঁড়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। শ্রীলঙ্কার আরাচচিগে সমিথা জিতেছেন রুপোর পদক।
এই জয়ের সঙ্গে এদিন ভারতের ঝুলিতে এখন ১০টি সোনা, ১২টি রুপো এবং ১৪টি ব্রোঞ্জ পদকসহ মোট ৩৬টি পদক রয়েছে। এবং পয়েন্ট টেবিলের ৫ নম্বর স্থানে অবস্থান করছে ভারত।
টতুর্থ এই মহাদেশীয় ইভেন্টে ভারত সবচেয়ে বেশি ৩০৩ ক্রীড়াবিদের দল পাঠিয়েছে। যারমধ্যে ১৯১ জন পুরুষ এবং ১১২ জন মহিলা। ২০১৮ সংস্করণে যেখানে মোট ১৯০ জন ক্রীড়াবিদ উপস্থিত ছিল এবং ১৫ টি সোনার পদকসহ মোট ৭২টি পদক নিয়ে ফিরেছিল ভারত। এবার প্রথমদিনেই ১৭টি পদক জিতে নিয়ে নজির গড়েছে ভারতীয় কনটিনজেন্ট। প্যারা গেমস এখনও ঢের বাকি, ফলে গতবারের রেকর্ড ভেঙে দেওয়ার সম্ভাবনা আরও বাড়ছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
