অলস্পোর্ট ডেস্ক: একদিন আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আন্তর্জাতিক ফুটবল আঙিনায় রাশিয়ার ফেরত আনার কথা বলেছেন। পরদিন মিলানে আইওসির ১৪৫তম কংগ্রেসে আইওসির নয়া সভাপতি ক্রিস্টি কভেন্ট্রি ইঙ্গিত দিয়েছেন, রাশিয়াকে ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিক্সে ফেরত আনার। ইনফান্তিনোর কথায় অসন্তোষ প্রকাশ করেছিলেন ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী ম্যাটভি বিডনি। কভেন্ট্রির কথায় টেনশন আরও বাড়ল। ইনফান্তিনোর বক্তব্যকে বিডনি দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছেন।
রাশিয়ার নাম সরাসরি না করেও আইওসি সভাপতি কভেন্ট্রি বলেছেন, ‘ অনেকের কথা আমার কাছে এসে পৌঁছেছে। আমিও মনে করি, একটি ক্রীড়াসংস্থা হিসেবে আমাদের কিছু ভূমিকা আছে। রাজনীতি আমিও বুঝি। আমরা কেউ বোধবুদ্ধিহীন নই। তবু বলব, আমদের কাজ খেলাধুলো প্রাজ্ঞনে। আর এব্যাপারে নিরপেক্ষ থাকা উচিত। অলিম্পিক এমন একটা আঙিনা, যেখানে প্রতিটি অ্যাথলিট খোলামনে অংশ নিতে পারবে। রাজনীতিক উর্ধে উঠে, সরকারি হস্তক্ষেপের বাইরে থেকে।’
রাশিয়ার আইওসি সদস্য শামিল তারপিশেভ স্বাগত জানিয়েছেন ইনফান্তিনো ও কভেন্ট্রির বক্তব্যকে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক খেলাধুলোর আঙিনা থেকে বহিস্কৃত হয়েছে রাশিয়া। ফিফা, উয়েফা ছাড়াও আইওসি রাশিয়ার ওপর আন্তর্জাতিক স্তরে খেলাধুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এখন ইনফান্তিনো ও কভেন্ট্রির কথায় শামিল তারপিশেভ আশার আলো দেখছেন। বলেন, ইনফান্তিনোর পাশে বসে কনসার্ট দেখার সময় তাঁর ইতিবাচক মনোভাব ভাল লেগেছে। এখন কভেন্ট্রির বক্তব্যে আরও আশাবাদী।
ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী বিডনি রীতিমতো চটেছেন দু’জনের বক্তব্যে। তাঁর মতে, ‘ রাশিয়ার আগ্রাসী মনোভাবের কারণে ৬৭৯ ছেলে ও মেয়ে ফুটবলার প্রাণ হারিয়েছেন। এরা আর কোনওদিন ফুটবল খেলতে পারবে না। এছাড়া ৬৫০ জন ইউক্রেনের অ্যাথলিট ও কোচের জীবন গেছে রাশিয়ার প্রাণঘাতী মিসাইলে। সেটা জেনেও ইনফান্তিনো এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন কীভাবে? যুদ্ধ একটা ক্রাইম, রাজনীতি নয়। রাশিয়া খেলাধুলোর মাঠে রাজনীতি ঢুকিয়েছে। ইউক্রেনের ফুটবল অ্যাসোসিয়েশন কিন্তু তীব্র প্রতিবাদ জানাবে রাশিয়াকে ফেরত আনার চেষ্টা হলে। যতদিন না রাশিয়া তাদের খুনী চরিত্র ছেড়ে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করবে, ততদিন রাশিয়ার পতাকার নীচে তাদের অ্যাথলিটদের বিশ্বের কোথাও খেলার অনুমতি দেওয়া উচিত নয়।’এখন দেখার ইউক্রেনের তীব্র অসন্তোষের মুখে ফিফা ও আইওসি রাশিয়াকে আন্তর্জাতিক আঙিনায় ফেরত আনতে পারে কিনা?
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
