ছবি: ব্যাডমিন্টন ইন্ডিয়া
অলস্পোর্ট ডেস্ক: বার্মিংহামে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬য়ে লক্ষ্য সেনের জয়রথ দৌড়চ্ছে। প্রথম রাউন্ডে বিশ্বের ১ নম্বর প্রতিযোগিতার শীর্ষে বাছাই চীনের শি ইউকিকে হারানোর পর হংকংয়ের অভিজ্ঞ শাটলার এনজি কা লং অ্যাঙ্গাসকে হারিয়ে অল ইংল্যান্ড ওপেনের কোয়ার্টাফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন।
প্রথম গেমটা লড়ে জিতেছিলেন লক্ষ্য সেন ২১-১৯ পয়েন্টে। দ্বিতীয় গেমটা যখন মনে হয়েছিল লক্ষ্য জিতে নেবেন, ঠিক তখনই ছন্দ হারান তিনি। ২০-১৭ পয়েন্ট এগিয়ে থাকার সময় ৩টি ম্যাচ পয়েন্ট খুইয়ে প্রতিপক্ষ এনজি কা লংকে ম্যাচে ফেরার সুযোগ করে দেন লক্ষ্য। লং পরপর চারটি ম্যাচ পয়েন্ট সেভ করে দ্বিতীয় গেমটা জিতে নেন ২৩-২১ পয়েন্টে।
তবে তৃতীয় গেমে চেনা ছন্দে ফেরেন লক্ষ্য। ৮১ মিনিটের লড়াই শেষে তৃতীয় গেম ২১-১০ পয়েন্টে জিতে ম্যাচটা পকেটে পোরেন লক্ষ্য। ওঠেন কোয়ার্টাফাইনালে। চারবারের সাক্ষাতে কা লংয়ের বিরুদ্ধে এই প্রথমবার জিতলেন লক্ষ্য। যেভাবে টুর্নামেন্টে সাফল্য পাচ্ছেন লক্ষ্য, তাতে বললে ভুল হবে না তাঁর জন্য বড় কিছু অপেক্ষা করে আছে। চ্যাম্পিয়নশিপের মুকুট তাঁর মাথায় উঠলে অবাক হওয়ার কিছু নেই।
ম্যাচের পর লক্ষ্য বলেন, ‘ কা লং অ্যাঙ্গাস দ্বিতীয় গেমে দারুনভাবে ঘুরে দাঁড়িয়েছিল। আমি ওই গেমের শেষদিকে স্বাভাবিক ছন্দে ছিলাম না। খুব সহজেই প্রতিপক্ষকে পয়েন্ট দিয়েছি। কিন্তু তৃতীয় গেমের শুর থেকেই ফোকাস ঠিক রেখেছিলাম। অ্যাঙ্গাসকে ম্যাচের দখল নেওয়ার সুযোগ দিইনি। খুশি, যেভাবে তৃতীয় গেমটা খেলে ম্যাচটা জিতেছি। সব ভাল, যার শেষ ভাল। এখন তাকাচ্ছি পরের ম্যাচের দিকে।’
ভারতীয় প্রতিযোগীরা একে একে সকলেই ছিটকে যাওয়ায় এখন ভারতের আশা জিইয়ে আছে লক্ষ্য সেনকে ঘিরে। অল ইংল্যান্ড ওপেন সুপার ১০০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমিফাইনালের ওঠার পথে লক্ষ্য সেনের সামনে তাঁর চেনা প্রতিপক্ষ লি শি ফেং। চীনের এই তারকা প্রতিযোগীর বিরুদ্ধে খেলছেন ছোটবেলা থেকে। দু’জনের মধ্যে এর আগে ১৪ বার দেখা হয়েছে কোর্টে। দু’জনেই ৭ বার করে জিতেছেন। দেখা যাক, এবার কে জেতে?
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
