ছবি: ব্যাডমিন্টন ইন্ডিয়া
অলস্পোর্ট ডেস্ক: অল ইংল্যান্ড ব্যাডমিন্টন ২০২৬য়ের প্রথম রাউন্ডে ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেনের কাছে এক ঘন্টা ১৮ মিনিটের লড়াইয়ে ২১-২৩, ২১-১৯, ১৭-২১ পয়েন্টে হারটা একবারেই হজম করতে পারেননি বিশ্বচ্যাম্পিয়ন ও গতবারের অল ইংল্যান্ড বিজয়ী প্রতিযোগিতার শীর্ষ বাছাই শি ইউকি। এটা ২০২৩ সালে থাইল্যান্ড ওপেনের পর সবচেয়ে শুরুর রাউন্ডে হার চীনা তারকা শাটলারের। স্বাভাবিকভাবেই তাই লক্ষ্যর কাছে হারের পর সাফাই দিতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। লক্ষ্য সেন ৬টি সাক্ষাতের মধ্যে এটা নিয়ে দ্বিতীয়বার শি ইউকিকে হারালেন। এর আগে ২০২৩ এশিয়ান গেমস দলগত ফাইনালে জয় পেয়েছিলেন লক্ষ্য।
শি ইউকি ম্যাচের পর বলেন, ‘এই হারটা আমার কাছে অপ্রত্যাশিত ছিল না। এটা স্বাভাবিক। কারণ আমি অনেকদিন কোনও টুর্নামেন্ট খেলিনি পিঠের ব্যথার জন্য। পুরোপুরি তৈরি ছিলাম না।’ ইউকি জানুয়ারিতে মালয়েশিয়া ওপেন সুপার ১০০০ টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। তারপরই চোটে কাবু হয়ে পড়েন। শেষ ৬টি টুর্নামেন্টের ফাইনাল খেলা চীনা শাটলারের বক্তব্য, ‘ আমার কব্জিতে সমস্যা হচ্ছিল। আমি নিজের সেরা ফর্মে ছিলাম না। এই টুর্নামেন্টের আগে মাত্র এক সপ্তাহ প্র্যাকটিসের সুযোগ পেয়েছিলাম। সেখানে লক্ষ্য সেনকে অনেক বেশি ফিট ও চনমনে লেগেছে। ওর কব্জির মোচড়ের শটগুলি ছিল খুব কার্যকরী। আমরা দু’জনেই বেশ কিছু ভুল করেছি। তবে আমি একটু বেশি। আর আমি চেষ্টা করেছি সাধ্যমত ভাল খেলতে। কিন্তু ফিটনেস সঙ্গ দেয়নি।’
লক্ষ্যর খেলার ভূয়সী প্রশংসা শোনা গেছে কোচ বিমল কুমারের গলায়। বলেন, ‘ লক্ষ্যর স্ম্যাশ করার টাইমিং ছিল দারুন। ডেডলি, কার্যকরী। শি প্রত্যাশা করেনি লক্ষ্য এত জোরে স্ম্যাশগুলো করবে। তাই ফেরাতেই পারেনি অধিকাংশ। ম্যাচের প্রথম থেকে ঠান্ডা মাথায় নিজের সেরাটা মেলে ধরেছিল লক্ষ্য। প্রতিটি পয়েন্টের জন্য প্রতিপক্ষ শি-কে কোর্টে দৌড় করিয়েছে। তাতেই চীনা প্রতিপক্ষ ক্লান্ত হয়ে ম্যাচ হেরেছে। এই জয় লক্ষ্যর আত্মবিশ্বাস বাড়াবে টুর্নামেন্টে আরও এগিয়ে যেতে, বড় সাফল্য পেতে। ভারতীয় ব্যাডমিন্টনের জন্য এটা লক্ষ্যর তরফে হোলির উপহার।’
৮ শীর্ষ বাছাইয়ের মধ্যে আরও এক প্রতিযোগী প্রথম দিনই হেরে বিদায় নিয়েছেন। ফরাসি আলেক্স ল্যানিয়েরকে ২১-১২, ২১-২৩, ২৩-২১ পয়েন্টে হারিয়েছেন ভিক্টর লাই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
