অলস্পোর্ট ডেস্কঃ যন্তর-মন্তরে কুস্তিগিরদের উপর পুলিশি আক্রমণের প্রতিবাদে এবার সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রসঙ্গত, কুস্তিগিরদের তুলে দেওয়ার জন্য বলপ্রয়োগ করেছে পুলিশ। তাঁদের অভিযোগ, দিল্লি পুলিশের একটি দল মত্ত অবস্থায় বুধবার সন্ধ্যা থেকেই তাঁদের সঙ্গে অভব্য আচরণ করতে শুরু করে। রাতে তাঁরা আচমকাই এসে মারধর করে এবং মহিলা কুস্তিগিরদেরও গালিগালাজ করে। তাঁদের দাবি, এতে দুই আন্দোলনকারী আহত হয়েছেন। এক জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।
এর বিরুদ্ধেই আজ ট্যুইটারে সরব হয়েছেন মমতা ও রাহুল। এক বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমাদের দেশের মেয়ে কুস্তিগিরদের উপর হাত তোলা খুবই নির্লজ্জ ঘটনা। সারা ভারতের মানুষ তাঁদের পাশে রয়েছে। তোমরা তাঁদের হেনস্থা করতে পারো কিন্তু ওদের উৎসাহের কমতি হবে না। আমাদের কুস্তিগিরদের আঘাত করলে ভারতের মানুষ তোমাদের ক্ষমা করবে না। আমি ধর্নায় বসা কুস্তিগিরদের বলতে চাই তোমরা এই সাহস আর শক্তি রেখে এগিয়ে চল।“ পাশাপাশি এক ট্যুইট বার্তায় রাহুল গান্ধী লিখেছেন, “দেশের খেলোয়াড়দের সঙ্গে এই আচরণ অত্যন্ত নিন্দনীয়। বেটি বাঁচাও শুধুমাত্র একটা কথা। আসলে কেন্দ্রীয় সরকার ভারতের মেয়েদের ওপর অত্যাচার করতে পিছপা হয় না।“
