Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ টানা পাঁচদিনের উত্তেজনাপূর্ণ জাতীয় সাবজুনিয়র (‌অনূর্ধ্ব১৩)‌ ব্যাডমিন্টন প্রতিযোগিতা সফল ভাবে শেষ হল বুধবার সাফল্যের সঙ্গে। হরিনাভি স্টার ব্যাডমিন্টন অ্যাকাদেমিতে আয়োজিত জাতীয় সাবজুনিয়র প্রতিযোগিতার ফাইনালে বাংলার কোনও প্রতিনিধি ছিল না। তবে সিঙ্গলস ও ডাবলস মিলিয়ে চারটি ফাইনালে ভিন রাজ্যের প্রতিযোগীদের মধ্যে তীব্র লড়াই নজর কেড়েছে। প্রতিটি ম্যাচই হাড্ডাহাড্ডি ও উপভোগ্য হয়েছে। এটাই আক্ষেপের ভিন রাজ্যের ব্যাডমিন্টন প্রতিভা যখন উঠে আসতে দেখা গেছে, তখন বাংলার পদকের ভাঁড়ার শূণ্য।

দেশের ২৮টি রাজ্য ও ৫টি কেন্দ্র শাসিত অঞ্চলের মোট ৪৬৪ জন প্রতিযোগী এই র‌্যাঙ্কিং টুর্নামেন্টে অংশ নিয়েছিল। ছিল ২৬১ জন কিশোর ২০৩ জন কিশোরী প্রতিযোগী। বাংলা থেকে প্রতিনিধিত্ব করছিল ৯০জন। অথচ বাংলার একজনও ফাইনালে জায়গা করে নিতে পারেনি।

টুর্নামেন্টের মোট পুরস্কার মূল্য ৬ লাখ টাকা। বালক ও বালিকা বিভাগের সিঙ্গলসের বিজয়ী প্রতিযোগীরা পেল ৭২ হাজার টাকা করে। রানার্স ৩৬ হাজার টাকা করে। সেমিফাইনালিস্টরা ২৮ হাজার টাকা। কোয়ার্টারফাইনালিস্টরা ২৪ হাজার টাকা। উভয় বিভাগে ডাবলস জয়ী জুটি ৭৬ হাজার টাকা। রানার্স জুটি ৩৬ হাজার টাকা। সেমিফাইনালিস্টরা ২৮ হাজার টাকা।

বালিকা বিভাগের সিঙ্গলস ফাইনালে মুখোমুখি হয়েছিল তেলেঙ্গানার দুই প্রতিযোগী লিয়োশা কোরুকন্ডা ও শানভি রেড্ডি নিম্মা। লিয়োশা দুরন্ত লড়ে নিম্মাকে পরাজিত করে ১৫-‌১০, ১৫-‌১২তে। বালক বিভাগের সিঙ্গলস ফাইনালে উত্তরাখন্ডের সার্থক যোশী ১৫-‌১২, ১৫-‌১০য়ে হারিয়ে দেয় অন্ধ্রপ্রদেশের রেহান দুদেকুলাকে।

বালক ও বালিকা বিভাগের ফাইনালে যারা পরস্পরের মুখোমুখি হয়েছিল, তারাই খেলে ডাবলস জুটি হিসেবে। বালিকা বিভাগের ডাবলসে ফাইনালে লিয়োশা ও নিম্মা জুটি ১৬-‌১৪ ও ১৫-‌৬য়ে হারায় মহারাষ্ট্রের জুটি হেজেল যোশী ও ও দিভিশা সিংকে। বালক বিভাগের ডাবলস ফাইনালে চ্যাম্পিয়ন হয় রেহান ও সার্থকের জুটি ১৬-‌১৪ ও ১৫-‌১২তে রাজস্থানের লোকেশ গুলজার ও রক্ষিত সিংকে হারিয়ে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতীয় ব্যাডমিন্টনের কিংবদন্তী চেতন আনন্দ, রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সচিব শেখর বিশ্বাস, রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সভাপতি ঊষানাথ ব্যানার্জি, ‘‌ভুমি’‌ শিল্পী সুরজিত চট্টোপাধ্যায়। বুধবার ফাইনালে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব জহর দাস সহ অন্যান্য বিশিষ্ঠ অতিথিরা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...