অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় পুরুষ জুনিয়র হকি দল মালয়েশিয়ার কুয়ালালামপুরে পুরুষ জুনিয়র হকি বিশ্বকাপ ২০২৩-এর কোয়ার্টার ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করল। তাদের চূড়ান্ত পুল ম্যাচে কানাডাকে ১০-১ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছল ভারত। ভারত মঙ্গলবার তাদের কোয়ার্টার ফাইনাল ম্য়াচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে।
কানাডার বিরুদ্ধে খেলায়, ভারতের সাত জন গোল করেছেন। ভারতের হয়ে প্রথম ফিল্ড গোল করেন লালাগে আদিত্য অর্জুন, তারপরই পেনাল্টি কর্নারে রোহিতের গোল।
খেলার প্রথম কোয়ার্টারেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় কোয়ার্টারের ২০ মিনিটে কানাডার নিকোলাস জুড কানাডার হয়ে একমাত্র গোলটি করেন। তবে ২৩তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দুই গোলের লিড ধরে রাখেন আমনদীপ লাকরা। দ্বিতীয়ার্ধে, ভারত তৃতীয় কোয়ার্টারে তিনটি গোল এবং খেলার শেষ কোয়ার্টারে চারটি গোল করে এবং আধিপত্যপূর্ণ পারফরম্যান্সের সঙ্গে ১০ গোলসহ কোয়ার্টার ফাইনালের রাস্তা পরিষ্কার করে।
আগের ম্যাচগুলিতে, ভারত কোরিয়ার বিরুদ্ধে ৪-২ ব্যবধানে জিতেছিল এবং তাদের পুল পর্বের ম্যাচে স্পেনের কাছে ১-৪ ব্যবধানে পরাজিত হয়েছিল।
নেদারল্যান্ডস ভারতের জন্য একটি কঠিন প্রতিপক্ষ হবে, কারণ তারা তাদের পুল গেমে গ্রেট ব্রিটেনকে ২-১, নিউজিল্যান্ডকে ৩-১ এবং আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।
অতীতে, উভয় দল জুনিয়র বিভাগে বিভিন্ন প্রতিযোগিতায় ১০ বার একে অপরের মুখোমুখি হয়েছে এবং উভয় দল একে অপরের বিরুদ্ধে পাঁচটি করে ম্যাচ জিতেছে। নেদারল্যান্ডের ভারতের বিরুদ্ধে চারটি খেলায় জয়ের ধারা রয়েছে এবং শেষবার ভারতের জুনিয়র পুরুষ দল ২০০৫ সালে ডাচদের বিপক্ষে জিতেছিল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
