Cart Total Items (0)

Cart

All Sports
নীরজ চোপড়া

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় অ্যাথলেটিক্সের গোল্ডেন বয় নীরজ চোপড়া এখন বিশ্ব চ্যাম্পিয়ন। বুদাপেস্টের ন্যাশনাল অ্যাথলেটিক্স সেন্টারে রবিবার ভারতীয় সময় গভীর রাতে ইতিহাস তৈরি করে ফেলেন তিনি। তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে থ্রো করলেন ৮৮.১৭ মিটার। দ্বিতীয় প্রচেষ্টায় ২৫ বছর বয়সী এই ভারতীয় বাজিমাত করলেন। তিনিই প্রথম ভারতীয় যিনি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতে নিলেন। ইতিমধ্যেই অলিম্পিক সোনা রয়েছে তাঁর ঝুলিতে। বাকি সব প্রতিযোগিতায় নিজের সেরাটা দেওয়া হয়ে গিয়েছিল তাঁর। শুধু বাকি ছিল বিশ্ব চ্যাম্পিয়নশিপ। যা এদিন তিনি করে দিলেন।

নীরজের পাশাপাশি আর এক ভারতীয় কিশোর জেনা ৮৪.৭৭ মিটারের ব্যক্তিগত সেরা থ্রো করে পঞ্চম স্থানে এবং তৃতীয় ভারতীয় ডিপি মনু ৮৪.১৪ মিটারের সেরা থ্রোয়ের সঙ্গে ষষ্ঠ স্থানে শেষ করেন।

নীরজ চোপড়ার ঝুলিতে রয়েছে এশিয়ান গেমস সোনা, কমনওয়েলথ গেমস সোনা, ডায়মন্ড লিগ শিরোপা, এশিয়ান চ্যাম্পিয়নশিপ সোনা এবং অনূর্ধ্ব-২০ বিশ্ব শিরোপা। এদিনের পর থেকে তাঁর ট্রফির ক্যাবিনেটে যোগ হল বিশ্ব চ্যাম্পিয়নশিপ।

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোপড়া প্রথম থেকেই ফেভারিট ছিলেন। যোগ্যতা নির্ণায়ক পর্বে, টোকিও অলিম্পিক চ্যাম্পিয়ন তাঁর মরসুমের সেরা থ্রো ৮৮.৭৭ মিটার ছুঁড়ে ফাইনালের যোগ্যতা অর্জন করেছিলে‌। যোগ্যতা নির্ণায়ক পর্বে তিনি এক থ্রোয়েই বাজিমাত করেছিলেন। ২০২৪ প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জনের মাত্রা ছিল ৮৫.৫০ মিটার। কিন্তু তিনি প্রথম থ্রোতেই তাকে ছাঁপিয়ে যান এবং ২০২৪ প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করে নেন।

বাছাইপর্বের পরবর্তী সেরা প্রতিযোগী ছিলেন পাকিস্তানের আরশাদ নাদিম, যিনি ৮৬.৭৯ মিটার থ্রো করেছিলেন। নাদিমের পাশাপাশি, টোকিও অলিম্পিকে চোপড়ার পিছনে ছিলেন রুপো জেতা চেক প্রজাতন্ত্রের জ্যাকব ভাদলেজ এবং জার্মানির জুলিয়ান ওয়েবার। এই তিন জনই ছিলেন ফাইনালে চোপড়ার মূল প্রতিপক্ষ।

ভাদলেজজ কোয়ালিফিকেশনের গ্রুপ বি-তে দ্বিতীয় এবং ৮৩.৫০ মিটার থ্রো-সহ সামগ্রিকভাবে তৃতীয় এবং ভাদলেজ ৮২.৩৯ মিটার থ্রো-সহ সামগ্রিকভাবে চতুর্থ হন।

ভারতের জন্য এবারের বিশ্ব চ্যাম্পিয়ন আরও আকর্ষণীয় হয়ে ওঠে কারণ নীরজ ছাড়াও এই প্রতিযোগিতায় লড়ছিলেন আরও দুই ভারতীয়। মনু (যোগ্যতায় ৮১.৩১ মিটার) এবং জেনা (যোগ্যতায় ৮০.৫৫ মিটার) ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন।

তবে নাদিমই চোপড়াকে সব থেকে বেশি লড়াই দেন। ভারতীয় সুপারস্টার তাঁর প্রথম প্রচেষ্টায় একটি উলস থ্রো করেন। তিনি তাঁর দ্বিতীয় থ্রোতে ৮৮.১৭ মিটার জ্যাভলিন নিক্ষেপ করে একটি দুর্দান্ত প্রত্যাবর্তন করেন। পাকিস্তানের আরশাদ নাদিম ভারতের কাছাকাছি আসে তৃতীয় প্রচেষ্টায় ৮৭.৮২ মিটার (তাঁর মরসুমের সেরা স্কোর) ছুঁড়েছেন।

ওয়েবারের সেরা প্রচেষ্টা ছিল ৮৫.৭৯ মিটার যা তাঁর তৃতীয় থ্রোতে এসেছিল। ভাদলেজ, তাঁর পঞ্চম প্রচেষ্টায় ৮৬.৬৭ থ্রো করতে সক্ষম হন। ভাদলেজ তৃতীয় এবং ওয়েবার চতুর্থ স্থানে শেষ করেন।

অবাক করেন ভারতের কিশোর জেনা, যিনি তাঁর পঞ্চম প্রচেষ্টায় ৮৪.৭৭ মিটারের ব্যক্তিগত সেরা থ্রো নিয়ে এসেছিলেন এবং পঞ্চম স্থানে শেষ করেন। প্রতিদ্বন্দ্বিতায় থাকা আরএক ভারতীয়, ডিপি মনু, ৮৪.১৪ মিটারের সেরা প্রচেষ্টায় ষষ্ঠ স্থানে শেষ করেন।

যদিও, নীরজের পরবর্তী প্রচেষ্টা ছিল ৮৬.৩২ মিটার, ৮৪.৬৪ মিটার, ৮৭.৭৩ মিটার এবং ৮৩.৯৮ মিটার যা অন্য কোনও অন্য কোনও প্রতিযোগী ছাঁপিয়ে যেতে পারেননি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *