অলস্পোর্ট ডেস্ক: জেএসডব্লিউয়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে নিজের অ্যাথলিট ম্যানেজমেন্ট ফার্ম খুললেন অলিম্পিক্সে পদকজয়ী নীরজ চোপরা। সেই অ্যাথলিট ম্যানেজমেন্টের নাম ‘ভেল স্পোর্টস’ দিয়েছেন টোকিও অলিম্পিক্সে সোনা ও প্যারিসে রুপো জয়ী জ্যাভেলিন থ্রোয়ার নীরজ। জেএসডব্লিউ এক সরকারি বিবৃতিতে জানিয়েছে, নীরজের সঙ্গে তাদের পার্টনারশিপে ইতি পড়েছে। নীরজ এখন এক নতুন অধ্যায় শুরু করছেন।
২০১৬ সাল থেকে জেএসডব্লিউয়ের সঙ্গে যুক্ত ছিলেন নীরজ। তিনি ও জেএসডব্লিউ মিলে গত বছর বেঙ্গালুরুতে বিশ্বের প্রথম সারির জ্যাভেলিন থ্রোয়ারদের নিয়ে এনসি ক্লাসিক টুর্নামেন্টের আয়োজন করেছিলেন। ২৭ বছর বয়সী ভারতের হয়ে অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথমবার সোনা জিতে ইতিহাস গড়া নীরজ তাঁর নতুন অ্যাডভেঞ্চার নিয়ে বলেছেন,‘ জেএসডব্লিউয়ের সঙ্গে গত এক দশকের যাত্রা ছিল খুবই সুখকর। যা বিশ্বাস, উন্নতি ও প্রাপ্তির মধ্যে দিয়ে চলেছিল। জেএসডব্লিউ আমার খেলোয়াড় জীবনে একটা বড় ভুমিকা গ্রহণ করেছিল। সারাজীবন ওদের কাছে কৃতজ্ঞ থাকব, ওদের সমর্থন ও দৃষ্টিভঙ্গির জন্য। এখন ওদের সঙ্গে আমার পথ চলা শেষ হলেও, জীবনের পরবর্তী পদক্ষেপে একইধরনের মূল্যবোধ নিয়ে পথ চলা চালিয়ে যাব নিজের মতো করে।’
জেএসডব্লিউয়ের তরফে সিইও দিব্যাংশু সিংয়ের প্রতিক্রিয়া, ‘ নীরজ চোপড়ার সঙ্গে এতদিন কাজ করা সত্যি গর্বের। একটা অসাধারন অভিজ্ঞতা। নীরজের সাফল্যের কাহিনী আমাদের দর্শন ও লক্ষ্যের সঙ্গে মিলেছিল দারুনভাবে। আমরা গর্বিত একসঙ্গে পথ চলার সুবাদে নীরজ সাফল্যের শিখর ছুঁয়েছিল। চাইব, জীবনের যে নতুন অধ্যায় নীরজ শুরু করছে, তাতে এই সাফল্য সমানভাবে বজায় থাকে। পরস্পরের প্রতি গভীর শ্রদ্ধা রেখেই পার্টনারশিপের দাঁড়ি টানা হয়েছে।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
