Cart Total Items (0)

Cart

All Sports
নীরজ চোপড়া

অলস্পোর্ট ডেস্ক: বুধবার এশিয়ান গেমস ২০২৩ জ্যাভলিনে ভারতের ‘গ্লোডেন বয়’ নীরজ চোপড়া আবার সোনার পদক নিজের নামে করে নিলেন। ৮৮.৮৮ মিটার জ্যাভলিন ছুঁড়ে হ্যাংঝৌতে শ্রেষ্ঠ হলেন তিনি। সঙ্গে সতীর্থ কিশোরের হাত ধরে রুপো এল ভারতে। কিশোর জেনা ৮৭.৫৪ মিটার দূরত্বে নিজের সেরা জ্যাভলিন ছুঁড়লেন।

স্টার্ট লিস্টে দ্বিতীয় স্থানে ছিল নীরজের নাম এবং চতুর্থতে ছিল কিশোর। নীরজের প্রথম প্রয়াসেই বাধা পড়ে। প্রযুক্তিগত ত্রুটির কারণে তাঁর প্রথম প্রয়াসের পরিমাপ করা যায়নি। ফলে নীরজকে পুনরায় থ্রো ছুঁড়তে হয়। প্রথম প্রয়াসে তিনি ৮২.৩৮ মিটার ছোঁড়েন। কিশোর ছোঁড়েন ৮২.১৬ মিটার। প্রথম রাউন্ডের শেষে দু’জনেই প্রথম ও দ্বিতীয় স্থানে ছিলেন।

দ্বিতীয় রাউন্ডে পিছিয়ে পড়েন কিশোর। ৭৯.৭৬ মিটারের থ্রো করেন তিনি। নীরজ নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতায় ছিলেন। দ্বিতীয় থ্রো-তে তিনি ছোঁড়েন ৮৪.৪৯ মিটার। এই রাউন্ডেও কিশোরের থ্রো নিয়ে ঝামেলার সৃষ্টি হয়। প্রথমে কিশোরের থ্রো-কে ফাউল বলেন আম্পায়ার। নীরজ এগিয়ে আসেন এবং প্রতিবাদ করেন কিশোরের পক্ষে। আম্পায়ার পুনরায় কিশোরের থ্রো খতিয়ে দেখেন এবং অবশেষে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন।

নীরজের তৃতীয় প্রয়াস ফাউল হয়। এখানেই নীরজকে তৃতীয় প্রয়াসে টপকে যান কিশোর। তিনি ৮৬.৭৭ মিটার ছোঁড়েন। প্রথম তিনটি রাউন্ডের পর বাকি ছ’জন ক্রীড়াবিদ বাদ হয়ে যান খেলা থেকে।

চতুর্থ প্রয়াসে নীরজ ৮৮.৮৮ মিটার ছোড়েন। কিশোরকে টপকে আবার প্রথম স্থানে চলে আসেন তিনি। চতুর্থ প্রয়াসে কিশোরের দূরত্ব ছিল ৮৭.৫৪ মিটার। পঞ্চম প্রয়াসে নীরজ ৮০.৮০ মিটার  ছুড়লেও কিশোরের প্রয়াস ফাউল হয়। সাধারণত নীরজ নিজের সেরা থ্রো তিন রাউন্ডের মধ্যেই দিয়ে দেন, কিন্তু তিনি এদিন চতুর্থ রাউন্ডে এসে নিজের সেরা থ্রো ছোঁড়েন।

নীরজের ষষ্ঠ প্রয়াস ফাউল হয়। অবশ্য তাতে তাঁর অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। ঠিক তেমনই কিশোরেরও ষষ্ঠ থ্রো ফাউল হয়। ফলে, দুইজনের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। পরপর সোনা ও রুপো নিয়ে গেম ছাড়েন দুই ভারতীয়। একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের জয় উদযাপন করেন নীরজ এবং কিশোর।

এদিন অ্যাথলেটিক্সে একাধিক পদক আনে ভারত। ভারতীয় হারমিলন অ্যাথলেটিক্সে মহিলাদের ৮০০ মিটার দৌড়ে রুপো জিতে নিয়েছেন। অবিনাশ সাবলে পুরুষদের ৫০০০ মিটার দৌড়ে রুপো আনেন। ভারতীয় মহিলা রিলে দল মহিলাদের ৪x৪০০ মিটার রিলেতে রুপো জিতেছেন। অবশেষে ভারতীয় দল পুরুষদের ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতেছেন।

এশিয়ান গেমসে ভারতের আজ স্বর্ণদিন। অ্যাথলেটিক্সে দু’টি এবং তীরন্দাজিতে একটি সোনা নিয়ে সোনার পদকে হ্যাটট্রিক করল ভারত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *