Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ গত ডিসেম্বরে ভারতীয় জুনিয়র হকি দলের চিফ কোচ হিসেবে চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল কিংবদন্তী হকি তারকা পিআর শ্রীজেসের। টোকিও ও প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের গোলকিপার শ্রীজেস আবারও ভারতীয় জুনিয়র হকি দলের কোচ হতে চেয়ে আবেদন করেছেন। ২০২৪ প্যারিস অলিম্পিকে পদক জয়ের পরই শ্রীজেসকে ওই বছর আগস্টে জাতীয় জুনিয়র হকি দলের কোচ করা হয়েছিল। শ্রীজেস পুরুষ জুনিয়র দলকে গতবছর ডিসেম্বরে চেন্নাইয়ে জুনিয়র বিশ্বকাপে ব্রোঞ্জ জিততে বড় ভূমিকা নেন কোচের পদে থেকে। এই পর্যায়ে ৯ বছরের পদক প্রাপ্তির অপেক্ষার অবসান ঘটে, আর্জেন্টিনার বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৪-‌২ গোলে নাটকীয় জয় ছিনিয়ে নিয়ে।

পুনরায় ভারতীয় জুনিয়র হকি দলের কোচ হতে চেয়ে আবেদন নিয়ে শ্রীজেসের প্রতিক্রিয়া, ‘‌ আমার চুক্তি গতবছর ২১ ডিসেম্বর শেষ হয়ে গিয়েছিল। তারপর থেকে আমার কেরলের বাড়িতে রয়েছি। এখন কোচের পদে বিজ্ঞাপন বেরিয়েছে বলে আমি আবার আবেদন করেছি। শুনছি আরও ছয় থেকে সাতজন আবেদন করেছে ওই একই পদের জন্য। ইন্টারভিউ ও বাছাই পর্ব শুরু হলে দেখা যাক কী হয়।’‌

জুনিয়র হকি দলের সঙ্গে কাজ করা নিয়ে শ্রীজেসের বক্তব্য, ‘‌ একটা দারুন অভিজ্ঞতা। শিক্ষণীয় ব্যাপারও। আন্তর্জাতিক স্তরে নিজের খেলোয়াড় জীবন যা যা সমস্যার সম্মুখীন হয়েছি, সেগুলিই জুনিয়র খেলোয়াড়দের সঙ্গে ভাগ করেছি। বুঝিয়েছি, আমি যেভাবে সেগুলো সামাল দিতাম, ওরাও যেন সেটা করে। খেলার মধ্যে ওঠা নামা ছিল, তবে জুনিয়র বিশ্বকাপে ব্রোঞ্জ জয়টা নিঃসন্দেহে ভারতীয় হকির জন্য রুপোলি রেখা। যদিও লক্ষ্য ছিল সোনা জয়। খেলা থেকে অবসর নেওয়ার পর আমার একটাই লক্ষ্য ছিল, যে হকি খেলে আমার উত্থান, তাকে যেন কিছু ফিরিয়ে দিতে পারি নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে।

হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ভোলা নাথ সিং জানিয়েছেন, অন্তত হাফ ডজন আবেদনকারী আছেন ভারতীয় জুনিয়র হকি দলের কোচের পদের জন্য। তার মধ্যে শ্রীজেসও আছে। শ্রীজেসের কোচের পদের মেয়াদ গত ডিসেম্বরেই শেষ হয়ে গেছে। এখন নতুন করে কোচ নিয়োগের জন্য ইন্টারভিউ ও বাছাইয়ের কাজ চলবে আগামী ৭ থেকে ১৪ দিনের মধ্যে।

এদিকে, রাউরকেল্লায় প্রো হকি লিগে ভারতীয় দলের শোচনীয় পারফরমেন্সের পরও উদ্বিগ্ন নন ভোলা নাথ সিং। ভারতীয় সিনিয়র হকি দল বেলজিয়াম ও আর্জেন্টিনার কাছে ৪টি ম্যাচেই হেরেছে। যার মধ্যে আর্জেন্টিনার কাছে ০-‌৮ গোলে হারও আছে। তবু হকি কর্তা ভোলা নাথ সিং মনে করেন, এতে চিন্তার কিছু নেই। এশিয়ান গেমস ও বিশ্বকাপের আগে সিনিয়র দলের কোচ ক্রেগ ফুলটন দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। নতুন কিছু মুখকে দেখে নিয়েছেন চুড়ান্ত দল গোছানোর আগে।

ভারতীয় সিনিয়র হকি দল হোবার্টে প্রোলিগে অংশ নেবে মিডফিল্ডার হার্দিক সিংয়ের নেতৃত্বে। ২০-‌২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় প্রোলিগে ভারতের প্রতিপক্ষ স্পেন ও অস্ট্রেলিয়া।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...