Cart Total Items (0)

Cart

All Sports India
পিভি সিন্ধু এবং এইচএস প্রণয়

অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার এশিয়ান গেমস ২০২৩-এ এইচএস প্রণয় নিজের সাহসী মানসিকতার পরিচয় দেখালেন। এদিন কোমরে চোট নিয়েও কোর্টে ফেরেন তিনি। শুধু ফেরেন বললে ভুল হবে বরং মালেশিয়ার প্রতিপক্ষকে হারিয়ে ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলস ইভেন্টের সেমিফাইনালে নিজের স্থান পাকা করে তবেই দম নেন প্রণয়। এরই সঙ্গে দীর্ঘ ৪১ বছর পর গেমসে সিঙ্গলস ইভেন্টে কোনও ভারতীয়, পদক জয়ের দৌড়ে সেমিফাইনালে উঠলেন। তবে মহিলাদের সিঙ্গলসে ফের বড় হার হারেন সিন্ধু। হতাশার সঙ্গেই কোর্ট ছাড়তে হয় তাঁকে।

এদিন বিশ্বের সাত নম্বর শাটলার প্রণয়, ৭৮ মিনিটের ম্যাচে মালেশিয়ার লি জিকে যথাক্রমে ২১-১৬, ২১-২৩, ২২-২০ গেমে হারিয়েছেন। প্রথম সেটের গেমে লি জিকে ভাল চাপে রেখেছিলেন প্রণয়। কিন্তু পরের সেটেই গেম উল্টে যায়, এবার ভারতীয় শাটলারকে চাপে ফেলে দেন মালেশিয় শাটলার। দ্বিতীয় সেটে ১-১ সমতা ফেরে। কোমরের এবং পিঠের চোটের কারণে খেলতে অসুবিধা হচ্ছিল প্রণয়ের। কোমরে ব্যান্ডেজ এবং বেল্ট পড়ে তবু প্রাণপণে লড়ে যাচ্ছিলেন তিনি। তৃতীয় গেমে এসে ফলাফল পান তিনি। ডানদিক থেকে পরপর দুটো জোরালো স্মাশ মেরে শেষ পর্যন্ত ম্যাচ নিজের নামে করে নেন ৩১ বছর বয়সী প্রণয়। তারপরই আনন্দে নিজের জামা খুলে হাওয়ায় উড়িয়ে জয় উদযাপন করেন তিনি।

ম্যাচ শেষে প্রণয় বলেন, ‘‘আমি মনে করি এটা আমার কাছে সবচেয়ে কঠিন একটি ম্যাচ ছিল। আমার মতে লি সবসময়ই একজন শক্তিশালী প্রতিপক্ষ। আমার জন্য আজকের এটি খুব শারীরিক পরিশ্রমের ম্যাচ ছিল। আমি মোটেও এমন অবস্থায় নেই যেখানে আমি বলতে পারি যে আমি ৮০ শতাংশ ঠিক। কিন্তু আমি মনে করি এইরকম একটি খেলা আমি বের করে আনতে পেরেছি, আমি নিজেকে অনেক কৃতিত্ব দেব এরজন্য।আমার মনে হয় লড়াই করার ইচ্ছা ভিরত থেকে ছিল, তাই আমি তাঁর ফল পেয়েছি।’’

চোট সত্ত্বেও যেরকম স্বতস্ফূর্তভাবে এদিনের ম্যাচ বের করলেন প্রণয় তা সত্যিই গর্বের। চোটের বিষয়ে তিনি বললেন, ‘‘এটা আমাকে প্রভাবিত করছে ঠিকই। কিন্তু এটাই খেলা। আপনি প্রতিদিন নিজের ১০০ শতাংশ দিয়ে খেলতে পারেন না। তবে এটাও সবসময় জানতে হবে কীভাবে নিজের ৬০-৭০ শতাংশ দিয়েও ম্যাচ বের করা যায়। আমার মনে হয় আজকে সেরকমই একটা দিন ছিল আমার জন্য।’’

অন্যদিকে চিনের হে বিংজিয়াওর কাছে সিন্ধুকে হার মানতে হয় মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছাবার দৌড়ে। দু’বারের অলিম্পিক্স পদকজয়ী ভারতীয় শাটলারকে কোয়ার্টার ফাইনালেই হার মানতে হয়। সিন্ধু বনাম বিংজিয়াওর ম্যাচের ফল দাঁড়ায় ১৬-২১, ১২-২১। মাত্র ৪৭ মিনিটে খেলা শেষ হয়ে যায়, সিন্ধুকে খুব ক্লান্ত দেখাচ্ছি‌ল গোটা ম্যাচে। ফলে চিনের প্রতিপক্ষ বিংজিয়াও সহজভাবে গেম জিতে নেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *