পিভি সিন্ধু
অলস্পোর্ট ডেস্ক: ফ্রেঞ্চ ওপেন সুপার ৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতীয়দের চ্যালেঞ্জ এখানেই শেষ হল। অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু এবং এশিয়ান গেমসের স্বর্ণপদক জয়ী পুরুষ ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি বৃহস্পতিবার ফ্রান্সের রেনেসাতে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন।
প্রথমে পিভি সিন্ধু মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ড খেলতে নামেন থাইল্যান্ডের সুপানিদা কাথেথং-এর বিরুদ্ধে। কিন্তু হাঁটুতে চোটের কারণে ম্যাচটি হারাতে হয় তাঁকে। প্রথম সেটের গেমে ২১-১৮ পয়েন্টে এগিয়ে যান তিনি। দ্বিতীয় গেমটি ১-১-এ সমতায় ছিল, তখনই ভারতীয় শাটলার তাঁর বাম হাঁটুতে অস্বস্তি অনুভব করেন। থাইল্যান্ডের প্রতিপক্ষকে একটি শট দেওয়ার সময় সিন্ধু নিজেকে অনেক বেশি প্রসারিত করে ফেলেন, যার ফলে হাঁটুতে আঘাত পেয়ে বসেন তিনি। খেলা চলাকালীন ডাক্তারের সাহায্য চান তিনি। কোচ হাফিজ হাশিমের সঙ্গে দু’বার কথাও বলতে যান। কিন্তু তখনই রেফারির থেকে হলুদ কার্ড পান সিন্ধু। কোয়ার্টার ফাইনালে উঠে যাওয়া কাথেথংকে আর হারানো হয়না তাঁর।
ওপেনিং রাউন্ডে সিন্ধু ইন্দোনেশিয়ার গ্রেগোরিয়া মারিস্কা তুনজুংকে ১২-২১, ২১-১৮, ২১-১৫ গেমে হারিয়েছিলেন। এই সপ্তাহের শুরুতে, ভারতীয় শাটলার মোট চারটি টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছেছিলেন বলে প্রায় ছয় মাস পর বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০-এর মধ্যে আবার ফিরে এসেছিলেন।
এরপর, তৃতীয় বাছাই সাত্ত্বিক এবং চিরাগ রাউন্ড অফ ১৬-এর ম্যাচে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় নামেন ইন্দোনেশিয়ান জুটি মহম্মদ আহসান এবং হেন্দ্রা সেতিয়াওয়ানের সঙ্গে। কিন্তু দুর্ভাগ্যক্রমে ২৩-২৫, ২১-১৯, ১৯-২১ গেমে হেরে টুর্নামেন্ট ছাড়তে হয় ভারতীয় জুটিকে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
