অলস্পোর্ট ডেস্ক: অলিম্পিকে রুপো ও ব্রোঞ্জজয়ী ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু আটকে পড়েছেন দুবাইয়ে। তাঁর যাওয়ার কথা বার্মিংহামে। ২০২৬ অল ইংল্যান্ড ওপেন সুপার ১০০০ প্রতিযোগিতায় অংশ নিতে। কিন্তু ইরানের ওপর আমেরিকা ও ইজরায়েলের যৌথ হানায় দুবাইয়ের আকাশে বিমান চলাচল বন্ধ হয়ে রয়েছে। আকাশ জুড়ে বোমারু বিমান, মিসাইল হানা, পাল্টা রকেট নিক্ষেপনে আরব দুনিয়ার আকাশ এখন নিরাপদ নয়। ফলে পিভি সিন্ধুর দুবাই থেকে বিমানে অন্যত্র যাওয়া আপাতত স্থগিত।
প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সোসাল মিডিয়ায় যুদ্ধকালীন পরিস্থিতিতে দুবাইয়ে আটকে থাকার কথা পোস্ট করেছেন একটি ভিডিওর মাধ্যমে। তাতে বলেছেন, ‘ সব বিমানযাত্রা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। ফলে বিমানযাত্রীদের নাকাল অবস্থা। বিমানবন্দরে চত্বরে ভিড় বাড়ছে। তিলধারনের জায়গা নেই। কবে এই সমস্যা মিটবে জানা নেই। সবচেয়ে আতঙ্কের বিষয়, আমরা যেখানে আছি, তার খুব কাছে একটা বড়সড় বিষ্ফোরণ হয়েছে। আমার কোচ ওই জায়গার খুব কাছে ছিলেন। তিনি দৌড়ে নিরাপদ দূরত্বে চলে আসেন। ধোঁয়া ও বিষ্ফোরণের অভিঘাত থেকে বাঁচতে। বেশ ভয়ের ব্যাপার। দুবাই আমার খুব প্রিয় শহর। কিন্তু যেধরনের ছবি আমাদের সামনে আসছে, বা যা খবর পাচ্ছি, তাতে বিপদের আশঙ্কা বেড়েই চলেছে। সবকিছু দেখেশুনে মনে হচ্ছে, যুদ্ধের এই হানাহানির কাছে জীবনের দাম অতি নগন্য। নিরাপত্তা ও শান্তির জন্য প্রার্থনা করা ছাড়া আর কোনও অবলম্বন নেই এখন আমাদের সামনে।’
তবে পরে আর একটি ভিডিওতে সিন্ধু জানিয়েছেন, ‘ আমরা সকলে ঠিক আছি। দুবাই বিমানবন্দরের কর্মীদের নিরলস প্রচেষ্টায় আমাদের নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। এছাড়া ধন্যবাদ প্রাপ্য দুবাইয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসকে। তারা সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আপাতত মানসিকভাবে একটু স্বস্তিবোধ করছি। আশা করছি, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। আমরা যে যার গন্তব্যস্থলে যেতে পারব। তবে সময়মতো বার্মিংহামের টুর্নামেন্টে খেলতে যেতে পারব কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। যাঁরা এই সময় আমাকে মেসেজ করেছেন নিরাপদে থাকার প্রার্থনা জানিয়ে, তাঁদের ধন্যবাদ। এইসময় এই মেন্টাল সাপোর্টটা খুব জরুরি। আশা করছি, এই দুঃসময়টা দ্রুত কেটে যাবে।’ মঙ্গলবার থেকে অল ইংল্যান্ড ব্যাডমিন্টনের খেলা শুরুর দিন ধার্য রয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে দিন পেছানো নিয়ে কোনও খবর এখনও নেই।
তবে ভাগ্যবানদের তালিকায় আছেই ভারতের দুই ব্যাডমিন্টন তারকা সাত্বিকরাজ রনকিরেড্ডি ও চিরাগ শেঠি। তাঁরা আকাশসীমা বন্ধ হওয়ার আগেই বার্মিংহাম পৌঁছে গিয়েছিলেন। ডাবলস ইভেন্টে টুর্নামেন্টে অংশ নিতে। জানিয়েওছেন, যুদ্ধ শুরুর আগেই নিরাপদে বার্মিংহাম পৌঁছে স্বস্তি বোধ করছেন ডাবলস জুটি।
তবে শুধু সিন্ধু নন, অন্যান্য ভারতীয় অ্যাথলিটরাও অন্যান্য বিমানবন্দরে আটকে পড়েছেন। ভারতীয় পুরুষ বাস্কেটবল দল দোহায় আটকে গেছে একই কারণে। তাদের লেবানন যাওয়ার কথা ছিল, ২০২৭ ফিবা ওয়ার্ল্ড কাপ এশিয়ান কোয়ালিফায়ার্সে অংশ নিতে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে লেবানন যাওয়ার ভাবনা বাতিল করতে হয়েছে ভারতীয় খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে। তাদের এখন ভারতে ফিরিয়ে আনার তোড়জোড় শুরু হয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
