Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার ভারতীয় ব্যাডমিন্টন সমর্থকদের কাছে একটি বড় আশার দিন ছিল। তবে তাঁরা একসঙ্গে হাসলেন, আবার কাঁদলেনও। কারণ, বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ-এর দ্বিতীয় রাউন্ডে পুরুষদের বিভাগে সহজ জয় পেলেন লক্ষ্য সেন ও এইচএস প্রণয়। কিন্তু মহিলাদের সিঙ্গলস থেকে দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গেলেন পিভি সিন্ধু। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাঁচটি পদকসহ ভারতের সবচেয়ে সফল ব্যাডমিন্টন তারকা আরও একবার হতাশ করলেন তাঁর ভক্তদের।

মহিলাদের সিঙ্গলসে সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন জাপানের নোজোমি ওকুহারা। যিনি বিশ্বের প্রাক্তন এক নম্বর ও বর্তমানে সিন্ধুর থেকে একধাপ এগিয়ে ১৫ নম্বরে রয়েছেন। ২০১৭-র বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী ওকুহারা, এদিন ম্যাচের প্রথম থেকেই যে গতি ধরে রেখেছিলেন তাঁর খেলায়, তাতে বোঝাই যাচ্ছিল সিন্ধুর তাঁকে ছুঁতে আরও অনেকটা বেগ পেতে হবে। চোট সারিয়ে ফিরে যে এখনও নিজের গেমে পুরো ছন্দ পাননি সিন্ধু তা গতকালের খেলায় স্পষ্ট ছিল। ফলে, ১৪-২১-এ প্রথম গেম হেরে যান সিন্ধু।

দ্বিতীয় গেমের শুরুটা খুব ভাল করেছিলেন সিন্ধু। পরপর পয়েন্ট তুলে একটা সময়ে ৭-০-তে এগিয়ে যান তিনি, তবু শেষরক্ষা হল না। ঠিক এরপর থেকেই গেমে লিড নিতে শুরু  করেন ওকুহারা এবং দ্বিতীয় গেম ২১-১৪-তে জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে আরও একধাপ এগিয়ে যান। আর আবারও প্রতিযোগিতার শুরুতেই বাড়ি ফিরতে হয় পিভি সিন্ধুকে।

এদিকে পুরুষদের সিঙ্গলসে লক্ষ্যের খেলা ছিল বিশ্বের ৫১ নম্বর, কোরিয়ার জিয়ন হিয়ক জিনের বিরুদ্ধে। বিশ্বের ১১ নম্বর লক্ষ্যের সামনে টিকতে পারেননি জিন। প্রথম গেম থেকেই এগিয়ে থাকেন লক্ষ্য, তাঁর গতির সঙ্গে পেরে উঠতে পারেননি জিন। ২১-১১-তে প্রথম গেম জিতে নেন লক্ষ্য। তারপর দ্বিতীয় গেমেও একই ছবি ধরা পড়ে। শেষ মেষ জিন লক্ষ্যের গতিতে হার মানেন। ২১-১২ গেমে ম্যাচ জিতে নিয়ে এই ভারতীয় শাটলার বিশ্ব চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে পৌঁছে যান।

অন্যদিকে এইচ এস প্রণয় হারালেন ইন্দোনেশিয়ার চিকো ওয়ারডোয়োকে। বিশ্বের ন’নম্বরে থাকা প্রণয়ের প্রতিপক্ষ ছিলেন বিশ্বের ২০ নম্বরে থাকা চিকো। খেলাতেও প্রণয়ের পিছনেই থেকে গেলেন তিনি। প্রথম পর্বের গেমে ঝড়ের গতিতে পয়েন্ট তোলেন প্রণয়। তাঁর খেলা ছুঁতেই পারেননি ইন্দোনেশিয়ার প্রতিপক্ষ। ২১-৯ পয়েন্টে প্রথম গেম জিতে যান প্রণয়। দ্বিতীয় গেমে কিছুটা লড়াই করার চেষ্টা করেন চিকো। মাঝে ৮-৮ পয়েন্টে ছিল খেলা। কিন্তু প্রণয় যেন ঠিক করে রেখেছিলেন এই ম্যাচ না জিতে তিনি ফিরবেন না। তাই হল, একবার গেমে লিড নিয়ে এগিয়ে যাওয়ার পরে আর পিছন ফিরে তাকাননি তিনি। তাঁর খেলার গতির সঙ্গে পেরে ওঠা সম্ভব হয়নি চিকোর। শেষ পর্যন্ত ২১-১৪ গেমে ম্যাচ জিতে পরের রাউন্ডে প্রবেশ করলেন প্রণয়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *