অলস্পোর্ট ডেস্ক: অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জয়ী শাটলার সাইনা নেহওয়াল হাঁটুর সমস্যায় জর্জরিত। যে কারণে আপাতত কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না তিনি। তিনি জানিয়েছেন তাঁর হাঁটুর চোট তাঁকে সমস্যায় ফেলছে। “তিন থেকে চার মাস আগেও আমি সিঙ্গাপুর ওপেনে খেলেছিলাম। সেই সময় আমার হাঁটু এবং কার্টিলেজে ব্যাথা শুরু হয়। একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করেছি এবং আমার ফিজিও ও এটি নিয়ে কাজ করছেন। আমি ভাঙ্গা মন নিয়ে খেলতে চাই না।” বুধবার গুরুগ্রামে গ্লোবাল রেস ২০২৩-এর সাংবাদিক সম্মেলনে সাইনা জানিয়েছেন।
কোনও ক্রীড়াবিদ খেলতে না পারলে ধরেই নেওয়া হয় তিনি এবার কোচিং করাবেন। তবে এই জল্পনায় জল ঢেলে দিয়েছেন সাইনা নেহওয়াল। তাঁকে কোচিং করানো নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টই জানিয়ে দেন তাঁর এই নিয়ে কোনও ভবিষ্যৎ পরিকল্পনা নেই। বরং তিনি এটিকে “সবচেয়ে কঠিন কাজ” বলে ব্যাখ্যা করেছেন। “কোচিং করানো নিয়ে ভাবছি না। আমার জন্য খেলা সহজ এবং কোচিং করানো সবচেয়ে কঠিন কাজ,” তিনি যোগ করেছেন।
আসন্ন এশিয়ান গেমসে থাকছেন না সাইনা নেহওয়াল। উল্লেখযোগ্য ভাবে ২০২০ থেকেই ভাল ফর্মে ছিলেন না সাইনা। গত বছর তিনি ১৩টি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ট্যুর টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। এবং শুধুমাত্র একবার সিঙ্গাপুর ওপেন কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন। তিনি অন্যান্য টুর্নামেন্টগুলির বেশিরভাগই প্রথম রাউন্ডে হেরে যান।
এই বছরও, তিনি ছ’টি বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর টুর্নামেন্ট খেলেছেন, যার মধ্যে তিনটি প্রথম রাউন্ড এবং তিনটি দ্বিতীয় রাউন্ডে হেরে যান তিনি। তিনি বর্তমানে মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসে বিশ্বের ৫৫ নম্বরে রয়েছেন।
তিনি শেষ বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর শিরোপা জিতে ছিলেন ২০১৯-এর জানুয়ারিতে, সেই সময় তিনি ইন্দোনেশিয়া মাস্টার্সও জিতেছিলেন।
এশিয়ান গেমস ২০২৩-এর জন্য ভারতীয় ব্যাডমিন্টন দল
পুরুষদের সিঙ্গলস: এইচএস প্রণয় এবং কিদাম্বি শ্রীকান্ত (ব্যক্তিগত/দল), লক্ষ্য সেন এবং মিঠুন মঞ্জুনাথ (দল)
পুরুষদের ডাবলস: সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি/চিরাগ শেঠি এবং ধ্রুব কপিলা/এমআর অর্জুন (ব্যক্তিগত/দল)।
মহিলা সিঙ্গলস: পিভি সিন্ধু এবং অস্মিতা চালিহা (ব্যক্তিগত/দল), অনুপমা উপাধ্যায় এবং মালবিকা বনসোদ (দল)
মহিলা ডবলস: গায়ত্রী গোপীচাঁদ/ত্রিসা জলি এবং অশ্বিনী পোনপ্পা/তানিশা ক্রাস্টো (ব্যক্তিগত/দল)।
মিক্স ডবলস: রোহন কাপুর/এন সিকি রেড্ডি এবং সাই প্রতীক কে/তানিশা ক্র্যাস্টো।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
