Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: শনিবার এশিয়ান গেমস ২০২৩ ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলস ইভেন্টে নজির গড়েছে ভারত। দক্ষিণ কোরিয়ার চোই সোল গিউ ও কিম ওন হোর জুটিকে হারিয়ে সোনার পদক ছিনিয়ে নিয়েছেন ভারতের ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথমবার ব্যাডমিন্টনে সোনা পেল‌ দেশ। সাত্ত্বিক-চিরাগের হাত ধরে দীর্ঘ ৪১ বছর পর ডাবলস ইভেন্টে পদক এল ভারতে। এর আগে ১৯৮২ সংস্করণে ডাবলস জুটি লেরয় ডিসুজা এবং প্রদীপ গান্ধি ব্রোঞ্জ পেয়েছিলেন। তারপর একেবারে সোনা জিতে ভারতকে গর্বিত করল সাত্ত্বিক-চিরাগরা। বিশ্বের ৩ নম্বর জুটি সাত্বিক-চিরাগ এই বছরের মার্চে আরও একটি রেকর্ড গড়েছিলেন। দীর্ঘ ৫৮ বছর পর প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন তাঁরা।

এদিন মাত্র ৫৭ মিনিটে ম্যাচ জিতে নেন চিরাগরা। বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ১৫ নম্বর জুটি চোই এবং কিমের বিরুদ্ধে প্রথম গেমে ২১-১৮, এবং দ্বিতীয় গেমে ২১-১৬ পয়েন্টে ম্যাচ জয় করে নেয় ভারতীয় জুটি।

এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে এই বছরই সেরা সাফল্য ভারতের। ছেলেদের ডাবলসে সোনা ছাড়াও দলগত বিভাগে রুপো জিতেছে ভারত এবং ছেলেদের সিঙ্গলসে ব্রোঞ্জ জিতেছে। ২০১৮-তে একটি রুপো এবং একটি ব্রোঞ্জ জিতেছিল ভারত।

আগামী মঙ্গলবার বিডব্লুএফ বিশ্ব ব্যাডমিন্টন র‍্যাঙ্কিংয়ের যে ক্রমতালিকা প্রকাশিত হবে সেখানে সাত্ত্বিক-চিরাগরা শীর্ষ স্থানে অবস্থান করবেন।

সবমিলিয়ে ভারত এখনও পর্যন্ত ১০৭টি পদক জয় করেছে। যার মধ্যে ২৮টি সোনা, ৩৮টি রুপো এবং ৪১টি ব্রোঞ্জ। দাবায় পুরুষ ও মহিলা উভয় দল রুপো জিতে নিয়েছে। এছাড়া  কুস্তিতে ৮৬ কেজি ফ্রিস্টাইল বাউটে দীপক পুনিয়া রুপো পেয়েছেন এবং মহিলা হকি দল ব্রোঞ্জ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *