Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার ব্যাডমিন্টন ফেডারেশন বিডব্লুএফ, শাটলারদের নতুন র‍্যাঙ্কিং পেশ করেছে। যেখানে ভারতীয় ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি শীর্ষস্থান দখল করেছেন। তাঁরা দেশের প্রথম যুগল জুটি যারা এই সম্মানীয় স্থানটি অর্জন করলেন এবং দেশকে বিশ্ব দরবারে গর্বিত করলেন। সম্প্রতি হ্যাংঝৌ এশিয়ান গেমসে পুরুষদের ডাবলস ইভেন্টে তাঁরা স্বর্ণপদক জয় করেছিলেন। ভক্তদের কাছে এখন তাঁরা ‘সাত-চি’ জুটি নামে বিখ্যাত।

‘‘মঙ্গলবার সর্বশেষ বিডব্লুএফ বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ভারতের শীর্ষ পুরুষদের ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি দু-ধাপ এগিয়ে তাদের কেরিয়ারের সর্বকালের সেরা বিশ্ব র‍্যাঙ্কিং-১ নম্বরে পৌঁছে গিয়েছে৷ এই কৃতিত্ব অর্জনকারী তারা প্রথম ভারতীয় জুটি এবং চতুর্থ ভারতীয় কিংবদন্তি প্রকাশ পাড়ুকোন, সাইনা নেহওয়াল এবং কিদাম্বি শ্রীকান্তের পরে,’’ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (বিএআই) মিডিয়ার এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

২০২২ থেকে, এই জুটি পাঁচটি বিডব্লুএফ ট্যুর শিরোপা জিতেছে। ২০২২-এর জানুয়ারিতে ভারতীয় ওপেন জয়ের মাধ্যমে তাদের যাত্রা শুরু হয়েছিল। যেখানে তারা ইন্দোনেশিয়ার মহম্মদ আহসান এবং হেন্দ্রা সেতিয়াওয়ানকে ২১-১৬, ২৬-২৪ গেমে পরাজিত করেছিলেন। সেই বছরের শেষের দিকে ফ্রেঞ্চ ওপেনেও একইভাবে তারা হেরে গিয়েছিলেন ভারতীয় জুটির কাছে।

২০২৩-এ এই জুটি পরপর সুইস ওপেন, ইন্দোনেশিয়া ওপেন এবং কোরিয়া ওপেন পকেট করেছেন। তারমধ্যে ইন্দোনেশিয়া ওপেনের শিরোপা জয়টি বিশেষ ছিল কারণ তারা ফাইনালে ভারতের প্রথম বিডব্লুএফ সুপার ১০০০-এর বিশ্ব ট্যুর শিরোপা জিতে নিয়েছিলেন। মালয়েশিয়ার দ্বিতীয় বাছাই এবং গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন অ্যারন চিয়া এবং উই ইক সোর জুটিকে ২১-১৭, ২১-১৮-তে পরাজিত করেছিলেন ভারতীয় সাত-চি যুগল।

তারা ভারতের প্রথম ঐতিহাসিক থমাস কাপ জয়েরও অংশ ছিলেন। ১৯৪৯ থেকে অনুষ্ঠিত বিশ্বের শীর্ষ চ্যাম্পিয়নশিপে পুরুষদের দলগত ইভেন্টে ভারত প্রথমবারের মতো ট্রফি দখল করেছিল চিরাগদের হাত ধরে। ভারত ফাইনালে ১৪টি শিরোপা নিয়ে টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে সফল দল ইন্দোনেশিয়াকে ৩-০-তে মাত দিয়েছিল।

সাইরাজ এবং চিরাগ গত বছর বার্মিংহামে কমনওয়েলথ গেমসে পুরুষদের ডাবলস বিভাগে সোনা জিতেছিলেন, স্থানীয় জুটি বেন লেন এবং শন ভার্ডিকে সরাসরি দুটি গেমে পরাজিত করে। তারা মিক্সড দলেরও অংশ ছিলেন যেখানে তারা রুপো এনেছিলেন।

বার্মিংহামে তাদের কৃতিত্ব দেখানোর কয়েক দিন পরেই, এই জুটি দুবাইতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক দখল করে। তারা এই ইভেন্টে পুরুষদের ডাবলসে পদক জিতেছিল।

এছাড়া, ‘সাত-চি’ জুটি এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিল, এই বছরের এপ্রিলে ফাইনালে মালয়েশিয়ার ওং ইয়েউ সিন এবং তেও ইকে হারিয়ে। তারা ভারতের প্রথম পুরুষ ডাবলস জুটি যারা এই ইভেন্টে সোনা জিতে নিয়েছিল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *