অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক ও বর্ষীয়ান গোলকিপার সবিতা পুনিয়ার এখন একটাই লক্ষ্য। এবছর এশিয়ান গেমসে সোনা জিতে ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিক্সে ভারতীয় দলের খেলা নিশ্চিত করা। এই লক্ষ্যপূরণ হলে খুশি মনে আন্তর্জাতিক হকি থেকে অবসর নেবেন বলে ভেবেও ফেলেছেন ৩৫ বছরের সবিতা।
জাপানের আইচি ও নাগোয়াতে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর এশিয়ান গেমসের আসর বসবে। সেটা মাথায় রেখেই ২০০২ কমনওয়েলথ গেমস ব্রোঞ্জজয়ী ও তিনবারের এশিয়ান গেমস পদকজয়ী সবিতা পুনিয়ার বক্তব্য, ‘ অনেকদিন তো খেললাম। এখন মনে হচ্ছে পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানো উচিত। সকলেরই একটা সময় থামা উচিত। আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। তবে আমি চাই আমার অবসরের দিনটা সুন্দর হোক। একটা ছাপ থেকে যাক। সেটা এশিয়ান গেমসের আসর বা ২০২৮ এলএ অলিম্পিক্স হোক না কেন? তবে লস এঞ্জেলস অলিম্পিক্স আমার পক্ষে অনেকটা দূরের পথ। এইমুহূর্তে তাই আমি নিজের লক্ষ্য ঠিক করেছি এশিয়ান গেমসকে সামনে রেখে। ঠিক করেই ফেলেছি, এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হয়ে ভারতকে এলএ অলিম্পিক্সে পৌঁছে দিয়ে আমার হকি স্টিক আর বুট জোড়া তুলে রাখব বরাবারের জন্য।’
সবিতা বর্তমানে উইমেন্স হকি ইন্ডিয়া লিগে সুরমা ক্লাবের হয়ে খেলছেন। তাঁর পেছনে রয়েছে জেএসডব্লিউয়ের সমর্থন। সবিতা জানিয়েছেন, ‘ নতুন বছরে আমার পরবর্তী লক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ। আমি সবসময় নিজের জীবনে লক্ষ্য ঠিক রেখে এগিয়েছি। তাই এখন আমার একটা লক্ষ্য দেশের জার্সিতে এশিয়ান গেমসে সোনা জেতা। আমাদের দলের সে ক্ষমতা আছে। আর দলের একজন সিনিয়র সদস্য হিসেবে নিজের সেরা দিতে তৈরি। সতীর্থদের উজ্জীবিত করতে। ইতিমধ্যেই আমরা অনেক চাপ নিয়ে ফেলেছি কোয়ালিফাই করতে। সেখানে আমাদের পক্ষে অনেক ভাল হবে, যদি এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হয়ে এলএ অলিম্পিক্সে সরাসরি যোগ্যতার্জন করতে পারি। যদি সব ঠিকঠাক চলে, এলএ অলিম্পিক্সে কোয়ালিফাই করে যায় দল, তাহলে এর মাঝে বাকি টুর্নামেন্টগুলো খোলামনে খেলে অলিম্পিক্স পদকের জন্য তৈরি হতে পারবে।’
এবছরটা ভারতীয় মহিলা হকি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠাসা সূচী থাকায়। এশিয়া কাপে রানার্স হওয়ায় আগামী বছর মহিলা বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া করেছেন পুনিয়ারা। তাই সবিতার লক্ষ্য মার্চে হায়দরাবাদে অনুষ্ঠেয় এফআইএচ ওয়ার্ল্ড কাপ হকি কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হওয়ার। সবিতার মতে, ‘ হকি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার জেতাটা আমাদের জন্য খুব জরুরি। তারপর আছে নেশনস কাপ। এই দুটি টুর্নামেন্টের মাধ্যমে আমাদের এশিয়ান গেমস জয়ের প্রস্তুতির কাজটা ভালভাবে চালিয়ে যেতে হবে।’
এশিয়ান গেমসের পর অবসরের ভাবনা থাকলেও ২০২৮ লস এঞ্জেলেস অলিম্পিকে খেলার স্বপ্ন পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন, এমন নয়। সবিতার প্রতিক্রিয়া, ‘ ওটা অনেক দূরের পথ। হয়ত অসম্ভব নয় খেলা। এখনও পর্যন্ত শরীর সাথ দিচ্ছে। অনেক বিদেশি খেলোয়াড় জানতে চায়, আমার বয়স কত? ৩৫ শুনে অবাক হয়। আমি নিজেকে ফিট রাখতে চেষ্টা করি। যতক্ষণ মাঠে থাকি, ততক্ষণ বয়সের কথা মনে থাকে না। খেলায় কোনও প্রভাব ফেলে না। যদি ফিট থাক, তাহলে ৩০, ৩৫, ৪০ বছর বয়সেও খেলা চালানো যায়। আমার গোলকিপিং দক্ষতা নির্ভর করে ক্ষিপ্রতা, ফুটওয়ার্ক ও মনের জোরের ওপর।’
এই বয়সে ৩ বছর বিয়ে হয়ে যাওয়ার পরও খেলা চালিয়ে যাওয়ার জন্য নিজের ও শ্বশুর বাড়ির সমর্থনকে কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করেছেন সবিতা। তাঁর সাফ কথা, দুই পরিবার না চাইলে এতদিনে খেলা ছেড়ে বসে যেতে হত তাঁকে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
